মোহাম্মদ আলীর স্মরণে বলিউড তারকারা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুর পর ভক্তরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। তাঁদের মধ্যে আছেন বলিউড তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোক প্রকাশ করেছেন অনেকেই। তার মধ্য থেকে কয়েকটি দেওয়া হলো এখানে।

ঋষি কাপুর লিখেছেন, ‘শান্তিতে থাকুন মোহাম্মদ আলী। আশির দশকের শুরুর দিকে বাহরাইনে তাঁর সঙ্গে এক দাওয়াতে দেখা হয়েছিল আমার। তাঁর শরীর সে সময় খুব একটা ভালো ছিল না। আমার মনে আছে, আমায় দেখে মন্তব্য করেছিলেন “সুন্দর ছেলে”।’
অভিষেক বচ্চন তাঁর বাবা অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রথম শুনেছিলেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নাম। সে কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবার কাছ থেকে প্রথম যে ক্রীড়াবিদের নাম শুনি, তাঁর নাম মোহাম্মদ আলী। তিনি একজন আদর্শ, আমাদের জন্য এক অনুপ্রেরণা।’
জন আব্রাহাম লিখেছেন, ‘প্রজাপতির মতো উড়ে উড়ে, মৌমাছির মতো দংশন করতেন। আজ খুব খুব খুব খারাপ দিন।’ অর্জুন কাপুরও লিখেছেন, ‘তিনি প্রজাপতির মতো নেচে নেচে মৌমাছির মতো হুল ফোটাতে পারতেন। মোহাম্মদ আলী আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তাঁর আত্মার শান্তি হোক।’
সংগীত পরিচালক বিশাল দাদলানি টুইট করেছেন, ‘তিনি প্রতিটা লড়াই জিতেছেন, এমনকি জীবনের বিপক্ষের লড়াইটিও। তাঁর মুষ্টিযুদ্ধ দেখে মনে হতো তিনি যেন নাচছেন।’
এর আগে মোহাম্মদ আলীর অসুস্থ হওয়ার খবরে তাঁর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শাহরুখ খান প্রিয় মুষ্টিযোদ্ধার মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছিলেন, ‘সেরে উঠুন মোহাম্মদ আলী। প্রজাপতির মতো উড়ে বেড়ান, দংশন করুন মৌমাছির মতো। চোখ যা দেখে না, হাত তাকে আঘাত করতে পারে না।’ বলিউড লাইফ।