মড়ার ওপর খাঁড়ার ঘা!

হৃতিক রোশনের ‘কাবিল’-এর ওপরে যেন কারও বদ নজর পড়েছে! তা না হলে কেন একের পর এক ঝামেলায় পড়ছে এই ছবি? বলিউডের ‘কিং খান’-এর ছবির সঙ্গে সংঘর্ষ, হল বরাদ্দে বৈষম্যের পর এবার ‘কাবিল’-পড়েছে ছবি ফাঁসের ঝামেলায়।
সমান সমান হল পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ঘটেনি ‘কাবিল’-এর ক্ষেত্রে। একই দিনে মুক্তি পেয়েছে ‘রইস’ ও ‘কাবিল’। কিন্তু ‘রইস’-কে ৬০ শতাংশ হল দিয়ে প্রদর্শকরা ‘কাবিল’-কে দিয়েছে ৪০ শতাংশ হল। এই কারণেও বক্স অফিসে শাহরুখের ছবির সঙ্গে পাল্লা দিতে পারছে না এই ছবি। এ ছাড়া, এ কথা তো স্বীকার করতেই হবে যে শাহরুখের খ্যাতির তুলনায় হৃতিকের জনপ্রিয়তা কম। কিন্তু সবকিছু মেনে নিলেও, ছবি ফাঁসের ঘটনা তো আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই কারণে ছবির ব্যবসা আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা।
ইদানীং বলিউডে ছবি ফাঁসের ঘটনা খুব বেড়ে যাওয়ায় অনেকেই সন্দেহের তির ছুড়েছিল ভারতের সেন্সর বোর্ডের দিকে। এদিকে, সেন্সর বোর্ডের সভাপতি পেহেলাজ নেহালানি বলেন, এত এত ছবি ফাঁসের ঘটনা দুবাইতেই ঘটছে। কারণ, ভারত আর পাকিস্তানের মধ্যে সব ছবি আমদানি-রপ্তানি হয় দুবাই দিয়ে। সেখানেই কেউ উদ্দেশ্যমূলক ভাবে ছবি ফাঁস করে দিচ্ছেন বলে মনে করেন নেহালানি। সেন্সর বোর্ডের প্রতি আনা অভিযোগ তিনি উড়িয়ে দেন। বলিউড হাঙ্গামা।