যত দোষ সালমানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও কঙ্গনা রনৌত
সালমান খান ও কঙ্গনা রনৌত

বলিউডের ছবি ‘কাট্টি বাট্টি’ ফ্লপ হওয়ায় যেন বছরের সেরা বিপর্যয়টাই ঘটে গেছে! আর এর পরপরই শুরু হয়েছে এ বিপর্যয়ের দায় অন্যের ঘাড়ে চাপানোর খেলা। কিন্তু ‘কাট্টি বাট্টি’ ফ্লপ হওয়ার দায় কী সালমান খানের?
সম্প্রতি ‘কাট্টি বাট্টি’ ছবিটি ফ্লপ হওয়ায় সালমানের ওপর চটেছেন ছবির নায়িকা কঙ্গনা রনৌত। সালমানের কথাতেই নাকি এ ছবিতে অভিনয় করতে সম্মত হয়েছিলেন কঙ্গনা। তাঁর দাবি, শুরুতে ‘কাট্টি বাট্টি’ ছবির ‘পায়েল’ চরিত্রটি তিনি করতেই চাননি। পরে সালমান খানের কথাতে আস্থা রেখে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কঙ্গনা। এই ছবি ফ্লপ করার পর সে সিদ্ধান্তের জন্য এখন নাকি পস্তাচ্ছেন ‘কুইন’ ছবির আলোচিত নায়িকা কঙ্গনা।
সালমান খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কাট্টি বাট্টি’ ছবির ‘পায়েল’ চরিত্রটি করতে কঙ্গনাকে অনুরোধ করেননি সালমান। বরং চিত্রনাট্যটি মন দিয়ে পড়তে বলেছিলেন। এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন কঙ্গনা নিজেই। আর এখন তা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছেন।
সালমানের বরাত দিয়ে সূত্রটি জানিয়েছে, নিখিল আদভানির ‘হিরো’ ছবিটি ফ্লপ করার পর কিন্তু নিখিল বা সালমানের ঘাড়ে কোনো দায় চাপানো হয়নি। কেননা রোমিও-জুলিয়েট ঘরানার ওই প্রেমের ছবি দর্শকেরা গ্রহণ করেননি। তেমনি ‘কাট্টি বাট্টি’ ছবির লিভ টুগেদারের কাহিনিও দর্শকেরা গ্রহণ করেননি। এই দায় কার! 

তবে নায়িকা হিসেবে কঙ্গনারই বুঝে নেওয়া উচিত ছিল যে, তিনি কী ‘কাট্টি বাট্টি’ দিয়ে রাতারাতি আলোচিত হতে চান? নাকি ‘ফ্লপ ছবির নায়িকা’ তকমাটি নিতে চান। সবকিছুর পরে কথা ওই একটাই— ছবি হিট হবে নাকি ফ্লপ, কে জানবে আগে থেকে! এনডিটিভি। ইন্দো-এশিয়ান নিউজ।