যতবার ঐশ্বরিয়া-ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি নিজেই যেন একটা সৌন্দর্যের ব্র্যান্ডের নাম। প্রতিবার এই ফ্যাশনিস্তা বাইরে বের হয়েছেন আর তাঁর ফ্যাশন দেখে চোখের আয়তন বড় হয়েছে ভক্ত ও ফ্যাশনবোদ্ধাদের। সেই ১৯৯৪ সালে, যে বছর বিশ্বসুন্দরী হলেন ঐশ্বরিয়া রাই, তখন থেকেই বিশ্ব দেখছে তাঁর রূপের ঝলক। সেই ২০০২ সাল থেকে কানের লালগালিচা দেখছে ঐশ্বরিয়ার ঝলক।

দ্য প্যারিস লুক। সূত্র: এএফপি
দ্য প্যারিস লুক। সূত্র: এএফপি

দ্য প্যারিস লুক
ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে প্যারিস ফ্যাশন উইকে। সারা শরীরে বেগুনি জমিনে লাল লাল ফুল। লম্বা গাউনটির বিশেষ বৈশিষ্ট্য এর কাটিংয়ে। পেছনে লম্বা লেজ। সামনে একটু ছোট করে কাটা। পুরোটাই কুচি কুচি ঘের। গলাবদ্ধ। হাত, কান, গলায় কিছু নেই। কেবল ডান হাতের অনামিকায় আর বাঁ হাতের মধ্যমায় দুটি আংটি। কালো, বেগুনি আর গোলাপির মিশেলে স্মোকি আই।

আর ফুলের রঙের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিক। পোশাকের সঙ্গে মিলিয়ে পায়ে যে জুতা পরেছেন, সেটির আরেক জোড়া খুঁজে পাওয়া দুষ্কর। ব্যস, এটুকুতেই তাঁকে দেখাচ্ছিল সম্পূর্ণ। লরিয়েলের শুভেচ্ছাদূত হয়ে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন সবার উদ্দেশ্যে। আর এই ছবি ভাইরাল হয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট বিশ্বে।

সোনালি মৎস্যকন্যা। সূত্র: টুইটার
সোনালি মৎস্যকন্যা। সূত্র: টুইটার

সোনালি মৎস্যকন্যা
এই বছরের ১৯ মে কানের লালগালিচায় ঐশ্বরিয়া রাইকে দেখা যায় এই লুকে। পরনে চাকচিক্যময় ফিশকাট গাউন। সোনালি-সবুজ বললে গাউনের রংটা ঠিক বর্ণনা করা হয় না। রং অনেকটা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার মতো। আর সেই সোনালির ওপর ছিল সবুজের আভা। চকচকে ওই পোশাক থেকে যেন সোনালি রঙের আলো ঠিকরে বের হয়। দুই হাতের দুটি আংটি বাদ দিলে শরীরে আর কোনো গয়না ছিল না। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে নখে ছিল সোনালি নেইলপলিশ।

ছিল অভিজাত ও স্বল্প মেকআপ, ন্যুড লিপস্টিক আর স্মোকি আই। কানে কোনো দুল না থাকলেও পোশাকের সঙ্গে মিলিয়ে সেখানেও ছিল সোনালি রঙের মেকআপ। ঐশ্বরিয়ার এই পোশাকের নকশা করেছেন জ্যঁ লুইস সাবাজি। চুল ছিল একেবারে স্ট্রেট, সেই কালো খোলা চুল পিঠ দিয়ে ছেড়ে দিয়েছেন। তাঁর গাউনের বিশেষত্ব হাতায় আর লম্বা লেজে। ডান হাত লম্বা, বাঁ পাশ স্লিভলেস। আর গাউনের লম্বা লেজে বড় থেকে ছোট মোট ছয়টি চোখা কাট রয়েছে। এই লুকে তাঁকে দেখে ভক্তরা রীতিমতো চোখের পলক ফেলতে ভুলে গেছেন।

সাদা রানি ঐশ্বরিয়া রাই। সূত্র: রয়টার্স
সাদা রানি ঐশ্বরিয়া রাই। সূত্র: রয়টার্স

সাদা রানি ঐশ্বরিয়া রাই
এ বছরই কানের লালগালিচায় ঐশ্বরিয়াকে দেখা গেছে এই সাদা রাজকীয় পোশাকে। দেখে মনে হয়, গল্পের বইয়ের রাজকন্যাদের দেশ থেকে মাত্র উঠে এসেছেন। অবাধ্য চুলগুলোকে পরিপাটি করে বেঁধে খোঁপা করে বাগে এসেছেন। চোখে কাজল আর চকমকে সাদা আইশ্যাডো। কানে লম্বা দুলের হীরা থেকে আলো ছিটকে বেরোচ্ছিল।

প্রজাপতির বেশে ঐশ্বরিয়া। সূত্র: রয়টার্স
প্রজাপতির বেশে ঐশ্বরিয়া। সূত্র: রয়টার্স

প্রজাপতির বেশে ঐশ্বরিয়া
ঐশ্বরিয়ার এই প্রজাপতি গাউন ২০১৮ সালের সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি। ঐশ্বরিয়ার বেগুনি, লাল আর নীল রঙের এই অন্য রকম গাউন সরাভস্কি ক্রিস্টাল দিয়ে খচিত। আলট্রাভায়োলেট, মিডনাইট ব্লু রঙের সম্মিলনে তৈরি এই গাউনে লাল সুতা দিয়ে নকশা করা হয়েছে। স্লিভলেস এই গাউনের লেজ ২০ ফুট লম্বা। আর পুরো গাউন তৈরি করতে সময় লেগেছে ১২৫ দিন। এই পোশাক যথেষ্ট ভারী। তাই পুরো একটা দল ছিল, যাঁরা লালগালিচায় তাঁর পোশাকের দেখভাল করবেন। এ জন্য অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে তাঁকে।

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক। সূত্র: রয়টার্স
ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক। সূত্র: রয়টার্স

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক
এই বেগুনি লিপস্টিক সম্ভবত ২০১৮ সালের বিনোদনজগতের সবচেয়ে আলোচিত ঘটনা। ছোট হাতার বুকখোলা বার্বিডল ফ্রকটা কিন্তু সবাই পছন্দ করেছিলেন। কিন্তু বেগুনি লিপস্টিকেই তাঁকে সে বছর ফ্যাশন বিশেষজ্ঞরা দিয়েছেন গোল্লা। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তো রীতিমতো ট্রলের বন্যা বয়ে গিয়েছিল। অনেকেই লিখেছেন, ‘জাস্ট নেওয়া যাচ্ছে না।’

দ্য ‘ফ্রোজেন’ প্রিন্সেস। সূত্র: রয়টার্স
দ্য ‘ফ্রোজেন’ প্রিন্সেস। সূত্র: রয়টার্স

দ্য ‘ফ্রোজেন’ প্রিন্সেস
‘ফ্রোজেন’ ছবিটি তো কমবেশি সবারই দেখা। অ্যানিমেশন ছবির সেই রাজকন্যা অ্যানা যে গাউন পরেছিল, ঐশ্বরিয়ার সুবিশাল এই গাউন তার আদলে তৈরি। অনেকেই বলে, এটিই নাকি ঐশ্বরিয়ার সেরা লুক।