যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেলেন অমিতাভ

প্রয়াত চলচ্চিত্রকার যশ চোপড়ার স্মৃতির প্রতি উৎসর্গ করে প্রবর্তিত যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। গতকাল বৃহস্পতিবার অমিতাভের হাতে এই পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের গভর্নর বিদ্যাসাগর রাও।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অমিতাভ বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ একটি পুরস্কার পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমাকে এই সম্মান দেওয়ার জন্য বিবেচনা করার জন্য জুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই আমি। আমার মনে হয় না, এত বেশি সম্মান পাওয়ার যোগ্য আমি।’
অমিতাভ আরও বলেন, ‘এখনো আমি আমার সেরা কাজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে সামনের বছরগুলোতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।
পরে অমিতাভ তাঁর srbachchan.tumblr.com ব্লগে লেখেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি...সেখানে বসে আমাকে নিয়ে করা নানা প্রশংসাবাক্য শোনাটা আমার জন্য ব্রিবতকরই ছিল। প্রশংসা শোনার সময় কীভাবে সঠিক অভিব্যক্তি দিতে হয় তা এখনো শিখতে পারিনি আমি। কখনো শিখব বলেও মনে হয় না। কারণ আমি প্রশংসায় বিশ্বাসী নই। আমি জানি, প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। তার পরও দরজা বন্ধ করে পর্দা টেনে আমার প্রশংসা করা হলে কিছুটা হয়তো কাজে দেবে।’
আরও পড়ুন
খুঁতখুঁতে অমিতাভ