যশ চোপড়া স্মৃতি পুরস্কার পাচ্ছেন রেখা

ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপ্রতিম নির্মাতা ও প্রযোজক যশ চোপড়ার (২০১২ সালে) মৃত্যুর পর তাঁর স্মরণে স্মৃতি পুরস্কারের প্রচলন করেছিল দেশটির টিএসআর ফাউন্ডেশন। প্রতি বছরই রূপালি পর্দায় যাঁদের অবদান অনস্বীকার্য, এমন বিখ্যাত মানুষদের এই সম্মাননা দিয়ে আসছে সংগঠনটি। এ বছর যশ চোপড়া স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হচ্ছে বলিউডের অভিনেত্রী রেখাকে।
অভিনয় প্রতিভা এবং চলচ্চিত্রে অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। পুরস্কার হিসেবে তিনি পাবেন সোনার মেডেল এবং ১০ লাখ টাকা।
‘যশ চোপড়া স্মৃতি পুরস্কার’-এর মনোনয়নের জন্য নির্বাচকমণ্ডলীর যে জুরিবোর্ড, সেখানে ছিলেন অভিনেত্রী হেমা মালিনী, জয়া প্রদা, সিমি গারওয়াল, বনি কাপুর ও পাম চোপড়া। এ বছর এই পুরস্কারে ভূষিত করার জন্য জুরিবোর্ডের সদস্যরা অভিনেত্রী রেখাকেই মনোনীত করেছেন।
এর আগে ‘যশ চোপড়া স্মৃতি পুরস্কার’ পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর ও বলিউডের তারকা অভিনেতা ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘সিলসিলা’ ছবিতে যশ চোপড়ার সঙ্গে কাজ করেছিলেন রেখা। সত্তর ও আশির দশকের বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী রেখা এখন পর্যন্ত প্রায় ১৮০টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘খুবসুরত’ ও ‘খুন ভরি মাঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৮১ ও ১৯৮৯ সালে জিতেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘উমরাও জান’ চলচ্চিত্রের জন্য।
১৯৬৯ সালে ‘গোয়াদাল্লি সিআইডি ৯৯৯’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় প্রথম আবির্ভাব ঘটে রেখার। সে বছরই তিনি তাঁর প্রথম হিন্দি ছবি ‘দো শিকারি’তে অভিনয় করেন। তবে, ১৯৭৬ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘দো আনজানে’ চলচ্চিত্রে অভিনয়ের পরই প্রথম আলোচনায় আসেন রেখা। এরপর অমিতাভ-রেখার জুটি একে একে উপহার দিয়েছিল ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘সুহাগ’, ‘সিলসিলার’ মতো অসাধারণ জনপ্রিয় সব চলচ্চিত্র। টাইমস অব ইন্ডিয়া।