যাঁর কারণে টাবু এখনো একা

অভিনেত্রী টাবু জীবনের ৪৫ বছর পার করে দিলেন। তাঁর বয়সী প্রায় সব তারকাই এখন সংসারী হয়েছেন। কিন্তু তিনি এখনো ‘সিঙ্গেল’-ই রয়ে গেলেন। এ জন্য টাবু দায়ী করছেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে!
কে সেই অভিনেতা? টাবুর দাবি, অভিনেতা অজয় দেবগনের জন্যই তিনি এখনো কারও সঙ্গে প্রেম করতে পারেননি। বিয়েও নাকি করতে পারলেন না শুধু তাঁর কারণেই।
অজয় দেবগন তাঁর অভিনেত্রী স্ত্রী কাজলের সঙ্গে ১৮ বছর ধরে সংসার করছেন। তবে বিয়ের কাজে আরেক অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে তাঁর প্রেমের জোর গুঞ্জন ছিল। কিন্তু এত দিন পর হঠাৎ টাবু কেন অজয়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে এলেন? এ কথা শুনে অনেকেই হয়তো নড়েচড়ে বসেছেন। বলে রাখা ভালো, অজয় আর টাবু দীর্ঘ ২৩ বছর পর ‘গোলমাল অ্যাগেইন’ ছবিতে জুটি বেঁধেছেন। কিন্তু তাঁদের পরিচয় অভিনয় শুরুরও অনেক আগে থেকে। টাবুর কাজিন সামির আর্যের খুব ভালো বন্ধু অজয় দেবগন। ছোটবেলা থেকেই টাবুকে নাকি এই দুজন খুব আগলে রাখতেন। কোনো ছেলে টাবুকে বিরক্ত করলে তাঁকে আচ্ছামতো ধোলাইও দিতেন তাঁরা দুজন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু বলেন, ‘ওঁদের জন্যই আজও আমি একা আছি। অজয় আর সামিরের ভয়েই কেউ আমার সঙ্গে প্রেম করার সাহস পেত না। এ জন্য ওঁদের অনুতপ্ত হওয়া উচিত। আর এখন আমাকে ভালো একজন পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়ার দায়িত্বও অজয়ের।’
এরপর এই তারকা বলেন, ‘কথাগুলো মজা করে বললাম। আসলে অজয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব মধুর। মানুষটি একদম শিশুদের মতো নিষ্পাপ। তবে সে সবাইকে আগলে রাখতে পারে। অজয়ের সঙ্গেই আমার সবচেয়ে বেশি কাজ করা হয়েছে।’
এর আগে ‘বিজয়পথ’, ‘তাশাক ও ‘হকিকত’ ছবিতে জুটি হয়েছিলেন তাঁরা। এই জুটি অভিনীত ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পাবে অক্টোবর মাসে।
সূত্র: এনডিটিভি