যুক্তরাষ্ট্রের প্রত্নতত্ত্ব সম্মেলনে 'মহেঞ্জোদারো'

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসনে ৪৫তম দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে প্রদর্শিত হবে বলিউড ছবি ‘মহেঞ্জোদারো’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও পূজা হেগড়ে।
মেডিসনের এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার ওপর গবেষণায় আগ্রহী বিভিন্ন বিশেষজ্ঞ, ছাত্র, পেশাদার ও যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে ২০ অক্টোবর। ছবি দেখানো হবে ২৩ অক্টোবর।
যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়া স্টাডিজের বিশেষজ্ঞদের জন্য এটি একটি নেতৃত্বস্থানীয় বাৎসরিক সম্মেলন। প্রত্নতত্ত্বের ওপর বিভিন্ন প্যানেলে অংশগ্রহণের জন্য সারা বিশ্বজুড়ে ৭০০ অংশগ্রহণকারীর মনোযোগ আকর্ষণ করা হয় সম্মেলনটিতে।
সম্মেলনে ছবি প্রদর্শনীর ব্যাপারে পরিচালক আশুতোষ গোয়ারিকর বলেন, ‘সম্মেলন প্রধান মিত্র শারাফি যখন তাঁদের বাৎসরিক সম্মেলনে “মহেঞ্জোদারো” প্রদর্শনী করতে আমার কাছে অনুমতি চাইল, আমার কাছে বিষয়টি সম্মানের ও বিনয়ের মনে হলো।’ তিনি আরও বলেন, ‘আমি মার্ক কেনোয়ারকে কৃতজ্ঞতা জানাই ছবিটিতে তাঁর জানাশোনা দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি ৩০ বছর মহোঞ্জোদারো ও হরপ্পার ওপর গবেষণা করেছেন।’
১২ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পায়। ছবিটি দিয়ে বলিউডে পূজা হেগড়ের অভিষেক হয়। খ্রিষ্টপূর্ব ২৬০০ অব্দের সিন্ধু সভ্যতার সময়ে মহেঞ্জোদারো নগরের প্রাচীন প্রেমকাহিনি নিয়ে ছবিটির গল্প তরি হয়েছে। এনডিটিভি