যে কারণে তিনি প্রতিদিন পুরি-হালুয়া, আলুর পরোটা খাচ্ছেন

অধিকাংশ বিটাউন তারকা লকডাউনের ষোলো আনা কাজে লাগাচ্ছেন। দীপিকা, সোনমসহ অনেক নায়িকা হেঁশেলে গিয়ে বাহারি পদ রান্না করছেন। এদিকে বলিউড অভিনয়শিল্পী কৃতি শ্যানন কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করছেন। তবে তিনি এই গৃহবন্দী দশাতেও আগামী ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই চরিত্রের প্রয়োজনে মোটা হওয়ার জন্য জমিয়ে খাওয়াদাওয়া করছেন এই বলিউড অভিনয়শিল্পী।
‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘পানিপথ’সহ নানান ছবিতে নানান চরিত্রে কৃতি নিজেকে মেলে ধরেছেন। এবার তাঁর আগামী ছবি মিমিতে তাঁকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। স্যারোগেসির ওপর নির্মিত এই ছবিতে কৃতি মূল চরিত্রে অভিনয় করবেন। মিমি ছবিতে তাঁর লুকও হবে একেবারে অন্য রকম। আর তাই এই লকডাউন সময়ের পুরোপুরি ফায়দা নিচ্ছেন তিনি। মিমি ছবির জন্য তাঁকে ১৫ কেজি ওজন বাড়াতে হবে। তাই সকাল থেকেই লোভনীয় নানান খাবারের মজা নিচ্ছেন এই বলিউড কন্যা। প্রাতরাশে তিনি খাচ্ছেন পুরি-হালুয়া, আর ছোলার তরকারি। আবার কখনো কখনো লুফে নিচ্ছেন আলুর পরোটারও।

কৃতি তাঁর এই ছবিটিকে ঘিরে খুবই উৎসাহিত। মিমি ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না ওজন বাড়ার পর আমাকে কেমন দেখতে লাগবে। এই ছবির জন্য আমি নতুন কোনো প্রজেক্টে হাত দিচ্ছি না। আমি নাচ করতে দারুণ ভালোবাসি। গান শুনলেই আমি নাচতে শুরু করে দিই। কিন্তু এখন আমি এসব কিছু থেকে নিজেকে দূরে রাখছি। আমার পুরো নজর এখন ওজন বাড়ানোর দিকে। মিমি ছবিতে আমার অভিনীত চরিত্রের জন্য আমি নতুন ধরনের নানা পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’
কৃতির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পানিপথ’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে সফলতা পায়নি। ছবির সফলতা এবং অসফলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবি হিট হলে দারুণ লাগবে, তা স্বাভাবিক। তবে কোনো ছবি না চললে এর আর একটা দিক আছে। কারণ, অনেক পরিশ্রমের পর ছবিটা যখন চলে না, তখন খুব খারাপ লাগে। ‘পানিপথ’-এর ক্ষেত্রেও তা–ই হয়েছিল। তবে দু-তিন সপ্তাহ পর এই মন খারাপ কাটিয়ে উঠি। আর এই মন খারাপ ভাব থেকে বের হয়ে আসা উচিত। তা না হলে আগামী ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে পারব না।’
লকডাউনে মা, বাবা, বোন নূপুর শ্যানন আর কৃতি একসঙ্গে আছেন। বোন কবিতা লিখে আবৃত্তি করছেন। সেই ভিডিও আপলোড করছেন তিনি। কেক বানাচ্ছেন, ইয়োগা করছেন। আর নিশ্চিন্তে খাচ্ছেন।