যে কারণে বাদ পড়েছেন দীপিকা

সুপারস্টারদের সঙ্গে কাজ করতে কে না চায়? ছবি সফল করতে পরিচালকেরা সফল তারকাদের কাছে ধরনা দেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু মাজিদ মাজিদি ভাবেন উল্টো কথা। তিনি নাকি সুপারস্টারদের সঙ্গে কাজ করতে চান না! বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এ কারণে বাদ পড়েছেন এই ইরানি পরিচালকের ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ থেকে।
‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলছে ভারতের গোয়ায়। সেখানে মাজিদির নতুন ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ প্রদর্শন করা হয়। ছবিতে অভিনয় করেছেন বলিউড তারকা শহিদ কাপুরের ভাই ইশান খাট্টার ও মালায়ালাম অভিনেত্রী মাল্বিকা মোহানান। কানাঘুষা চলছিল, মাল্বিকার ওই চরিত্রটা নাকি দীপিকা করার কথা ছিল। তাঁর অডিশনের ছবি পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু পরে ছবির প্রধান নারী চরিত্রটা বাগিয়ে নেন মাল্বিকা।
মাল্বিকাকে নেওয়ার পর মাজিদি এক সাক্ষাৎকারে জানান, দীপিকার দক্ষতা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, সে জন্য তিনি নিজেই তাঁকে লুক টেস্ট দিতে বলেছিলেন। কিন্তু তিনি পরিচালকের চোখ দিয়ে দেখেছেন চরিত্রটার জন্য কাকে বেশি মানায়।
এদিকে গোয়া উৎসবে ছবিটি প্রদর্শনের পর মাজিদ মাজিদি বললেন, ‘আমি বলিউড সুপারস্টারদের সঙ্গে কাজ করতে চাইনি। আমি মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করতে চেয়েছিলাম। কারণ, স্থানও আমার ছবির উল্লেখযোগ্য চরিত্র। কিন্তু অডিশন দিতে গিয়ে দীপিকার জন্য কাজ করা কঠিন হয়ে যায়। সেখানে যেমন ভিড় ছিল, তেমনি কৌতূহল। এটাই সুপারস্টারদের নিয়ে কাজ না করার কারণ।’
তিনি আরও জানান, সাধারণত তিনি নতুনদের নিয়ে কাজ করেন। পিঙ্ক ভিলা, হিন্দুস্তান টাইমস