যে কারণে শাহরুখ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

অস্কারের আয়োজক প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স সম্প্রতি ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে। এ বছর এই তালিকায় ৫৭টি দেশের ৭৫৪ জন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছে। তালিকায় এবার যুক্ত হয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকাও। এর মধ্যে আছেন অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ইরফান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন আর চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। সদ্য হলিউডে নাম লেখানো ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনও যুক্ত হয়েছেন এই তালিকায়। কিন্তু বলিউডের ‘কিং খান’-এর নাম সেখানে পাওয়া যায়নি।

আগামী বছর অস্কারে কোন কোন কলাকুশলী ও শিল্পী পুরস্কৃত হবেন, তা এখন অনেকটাই নির্ভর করবে এসব তারকার ভোটের ওপর।

এই তালিকায় বলিউডের বেশ কয়েকজন তারকার নাম থাকলেও ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের নাম না থাকায় অনেকেই অবাক হয়েছেন। ‘কিং খান’-এর পাগল ভক্তরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক রাগও ঝেড়েছেন। তাই বোধ হয় অনেকটা বাধ্য হয়েই অস্কার কর্তৃপক্ষকে তাদের কাজের সাফাই দিতে হলো। অস্কার একাডেমি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সেই তালিকায় যুক্ত হতে হলে চলচ্চিত্রের ক্ষেত্রে একজন ব্যক্তিকে ব্যতিক্রমী ও বিশেষ অর্জন প্রদর্শন করতে হবে।

বলিউড সিনেমার শাহরুখের অবদান ও অর্জন যে নেহাত কম নয়, সেটা বোধ করি অস্কার একাডেমি ছাড়া বাকি সবাই স্বীকার করবেন।
সূত্র: বলিউড বাবল।