যে ছবি ১৩ বার দেখলেন শাহরুখ ও আব্রাম!

আজকাল শাহরুখ খান ও তাঁর ছোট ছেলে আব্রাম কিছু করলেই খবর হয়ে যায়। এবারের খবর, বলিউডের এই নামী পিতা-পুত্র জুটি পাঁচ দিনে ১৩ বার দেখল একই ছবি!
এর আগেও শাহরুখ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর ছোট ছেলে আব্রাম অ্যানিমেশন ছবি দারুণ পছন্দ করে। ‘ডেসপিকেবল মি’ সিরিজের মিনিয়ন আব্রামের পছন্দের চরিত্র। আব্রামের সেই পছন্দের তালিকায় যোগ হলো আরেক নাম। এবারের চরিত্রটি ‘নিমো’।

গত পাঁচ দিনে শাহরুখ আব্রামকে নিয়ে মোট ১৩ বার দেখেছেন ২০০৩ সালে মুক্তি পাওয়া ডিজনির এই অ্যানিমেশন ছবিটি। বাবা-ছেলের এই সিনেমাপ্রীতি নিয়ে সম্প্রতি শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বাচ্চাদের নিয়ে মজা করা বলতে আমি বুঝি সোফায় গাদাগাদি করে শুয়ে টিভি দেখা। টিভিতে চলবে কোনো ভালো সিনেমা। সঙ্গে থাকবে চিপস, পপকর্ন আর মজার কোনো পানীয়। আমরা তো এতই সিনেমার ভেতর ঢুকে যাই যে মাঝেমধ্যে নাওয়া-খাওয়ার কথাও মনে থাকে না। আব্রাম এ বিষয়গুলো খুব উপভোগ করে। এ জন্যই তো পাঁচ দিন ধরে ওর সঙ্গে আমি “ফাইন্ডিং নিমো” ছবিটা দেখছি।’
এ সপ্তাহেই (১৭ জুন) মুক্তি পাবে ‘ফাইন্ডিং নিমো’ ছবির পরবর্তী কিস্তি ‘ফাইন্ডিং ডোরি’। আব্রামের জন্য তাই এটা সুবর্ণ সুযোগ—প্রিয় সিনেমা দেখার বাহানায় তারকা বাবা শাহরুখকে আরও কিছুদিন সোফার সঙ্গে বেঁধে রাখার! বলিউড লাইফ।