যে ছবির শুটিংয়ে সালমান–ঐশ্বরিয়ার প্রেম হয়েছিল

সালমান আর ঐশ্বরিয়ার জুটি সবাই পছন্দ করেছিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবিটি আজও অনেক বলিউড অনুরাগীর ‘দিল’–এ আছে। ১৯৯৯ সালের ১৮ জুন মুক্তি পেয়েছিল বানসালি পরিচালিত ত্রিকোণ প্রেমের ছবিটি। প্রেম, আত্মত্যাগ, বিরহ, সংস্কার, ঐতিহ্য, অনুশাসন, অভিমান—সব অনুভূতির রঙের আঁচড়ে বানসালি ছবিটি নির্মাণ করেছিলেন। তাই ২২ বছর পেরিয়েও মানুষের মননে জীবন্ত এই প্রেমের ছবি। আজও এই ছবির গান মানুষের মন মাতিয়ে দেয়। এই ত্রিকোণ প্রেমের ছবির তিন কোণে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অজয় দেবগন ও সালমান খান।

‘হাম দিল দে চুকে সানাম’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগন

বানসালি ও অজয় দেবগন ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির ২২ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমার কিছু ‘বিহাইন্ড দ্য সিন’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। অজয় দেবগন কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘“হাম দিল চুকে সানাম”–এর ২২ বছর।

সালমান, সঞ্জয়, অ্যাশ আর আমি জানতাম যে এটা খুব সংবেদনশীল এক ছবি হতে চলেছে। আমরা তখন ভাবিনি যে এই ছবি ইতিহাস রচনা করবে।’

শোনা যায়, বানসালি প্রথমে ঐশ্বরিয়াকে ‘নন্দিনী’ রূপে ভাবেননি

এদিকে বানসালির প্রযোজনা সংস্থা টুইটার ও ইনস্টাগ্রামে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার বেশ কিছু ছবি পোস্ট করেছে। ছবিগুলোর ক্যাপশনে লেখা আছে, ‘তখন আমরা ঠিক যেমনটি অনুভব করেছিলাম, আজও একই রকম অনুভূতি। আমি বনরাজ (অজয়), নন্দিনী (ঐশ্বরিয়া), সমীরের (সালমান) ২২ বছরের প্রেমের সাক্ষী হয়ে আজ উদ্‌যাপন করছি।’

গুজরাট ও রাজস্থানের সীমাবর্তী এলাকায় শুটিং হয়েছে

অনেকের মতে, বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবিটি খ্যাতনামা লেখক মৈত্রেয়ী দেবীর অত্যন্ত জনপ্রিয় বাংলা উপন্যাস ‘ন হন্যতে’–এর ছায়া অবলম্বনে। মৈত্রেয়ী দেবীর উপন্যাসটি ‘সাহিত্য একাডেমি’ পুরস্কারে সম্মানিত হয়েছিল। তবে ছবির ক্রেডিট লাইনে এই বিষয়ে উল্লেখ নেই। বানসালির বক্তব্য যে তিনি ছবিটি বানিয়েছিলেন গুজরাটি লেখক জাভেরচাঁদ মেঘানির ‘শেতল না কাঠে’ নাটকের আধারে। আর এই কাহিনি নিয়ে মেঘানি নিজে মুম্বাইতে বানসালির কাছে এসেছিলেন। বানসালির ছবিটি গুজরাট ও রাজস্থানের সীমাবর্তী এলাকায় শুটিং হয়েছে। ছবিতে ইতালির দৃশ্যগুলো বুদাপেস্টে শুটিং হয়েছিল।

সঞ্জয়ের ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির আসল অহংকার ‘নন্দিনী’ রূপী ঐশ্বরিয়া। এই ছবিতে তাঁর রূপে মুগ্ধ ছিলেন সবাই। তবে শোনা যায়, বানসালি প্রথমে ঐশ্বরিয়াকে ‘নন্দিনী’ রূপে ভাবেননি।

বানসালি প্রথমে ঐশ্বরিয়াকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন

তিনি তাঁর প্রথম ছবি ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবিতে কারিনা কাপুরকে নায়িকা হিসেবে চেয়েছিলেন। কিন্তু কারিনা ছবিটি না করে দেন। তখন মনীষা কৈরালাকে ছবির নায়িকা করেন। তাই ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সময়ও বানসালি চেয়েছিলেন তাঁর প্রিয় কারিনাকে। আবার মনীষাকেও তিনি ‘নন্দিনী’ রূপে কল্পনা করেছিলেন। কিন্তু আমির খানের ‘রাজা হিন্দুস্তানি’ ছবির স্পেশাল স্কিনিংয়ে ঐশ্বরিয়াকে দেখার পর বানসালির সব হিসাব উলটপালট হয়ে যায়। অ্যাশের সঙ্গে প্রথম আলাপের পর তাঁর মনে হয়েছিল যে এত দিনে তিনি ‘নন্দিনী’কে খুঁজে পেয়েছেন।

হাম দিল দে চুকে সানামে সালমান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

তাই এই ব্যাপারে কোথাও এই পরিচালক আমিরের কাছে কৃতজ্ঞ। কারণ, আমিরের বিশেষ অনুরোধে ঐশ্বরিয়া ‘রাজা হিন্দুস্তানি’ ছবির স্কিনিংয়ে এসেছিলেন। আর এখানেই বানসালি তাঁর ‘নন্দিনী’কে খুঁজে পেয়েছিলেন।

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির প্রিমিয়ার সবার আগে ১৯৯৯ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয়েছিল। বক্স অফিসে ছবিটি রীতিমতো বাজিমাত করেছিল। ওই সময় ছবিটি ৫১ দশমিক ৪ কোটি ব্যবসা করেছিল। শোনা যায়, বিদেশে বানসালির সিনেমাটি ৮ দশমিক ৫ কোটি মতো ব্যবসা করেছে। এদিকে সমগ্র ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছিল ১৬ কোটি রুপি। ছবিটি বেশ কিছু পুরস্কারও পেয়েছিল।

হাম দিল দে চুকে সানাম

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ১৭টি নমিনেশন পেয়েছিল। আর তার মধ্যে ৭টি পুরস্কার জয় করেছিল। বানসালির ছবিটি ৪টি জাতীয় পুরস্কার পেয়েছিল। সংগীত পরিচালনার জন্য ইসমাইল দরবার, প্রোডাকশন ডিজাইনে নিতীন চন্দ্রকান্ত দেশাই, কোরিওগ্রাফিতে বৈভবী মার্চেন্ট, অর্শ তন্না আর সমীর তন্না জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছিলেন অনিল মেহেতা।

ইসমাইল দরবার এ ছবির মাধ্যমেই সংগীত পরিচালক হিসেবে নাম লিখিয়েছিলেন। প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই ছবির সব কটি গান সুপার হিট ছিল। ইসমাইলের গানগুলো সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। শোনা যায়, ছবির ‘তাড়াপ তাড়াপ’ গানটি শুনে সালমান আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বানসালির সঙ্গে সালমানের এটি দ্বিতীয় সিনেমা ছিল।

বানসালির সঙ্গে সালমানের এটি দ্বিতীয় সিনেমা ছিল

এর আগে তাঁকে বানসালির ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবিতে দেখা গেছে। বানসালি সব সময় সালমানের ইমেজকে ভেঙেচুরে এক অন্য রূপে পর্দায় তুলে ধরেছেন। এই ছবিতে সালমান আর ঐশ্বরিয়ার জুটি সবাই দারুণ পছন্দ করেছিলেন। শোনা যায়, তাঁদের পর্দার রোমান্স বাস্তবেও গড়িয়েছিল। এই ছবির সেট থেকে সালমান আর অ্যাশের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক কিছু সময় পর ভেঙে যায়। তবে নন্দিনী আর সমীরের প্রেম অটুট থাকবে সিনেমাপ্রেমীদের মননে।