যে প্রশ্নের উত্তরের দাম সাত কোটি রুপি
কৌন বনেগা ক্রোড়পতি ১৩–র প্রথম কোটিপতি হিসেবে নাম লেখালেন হিমানি বুন্দেলা। গতকাল মঙ্গলবার রাতে ভারতের আগ্রার ২৫ বছর বয়সী এই শিক্ষক এক কোটি রুপি দামের প্রশ্নটির ঠিকঠাক উত্তর দিয়ে টাকাটা জিতে নিয়েছেন। কোটি রুপির সেই প্রশ্ন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সে যুক্তরাজ্যের গুপ্তচর হিসেবে কাজ করার সময় নুর ইনায়াত খানের ছদ্মনাম কী ছিল? উত্তরের অপশন ছিল—ভেরা অ্যাটকিনস, ক্রিস্টিনা স্কারবেক, জুলিয়েনা আইজনার ও জঁ–মারি রেনিয়ে। সঠিক উত্তর ছিল জঁ-মারি রেনিয়ে।
এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জ্যাকপট রাউন্ডে পৌঁছে যান হিমানি। এবার তাঁকে সাত কোটি রুপির প্রশ্ন করা হয়। কী ছিল সেই প্রশ্ন?
১৯২৩ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকসে জমা দেওয়া ড. বি আর আম্বেদকরের গবেষণাপত্রের শিরোনাম কী ছিল, যার জন্য তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন?
হিমানিকে চারটি অপশন দেওয়া হয়: ক. ‘দ্য ওয়ান্ট অ্যান্ড মিনজ অব ইন্ডিয়া’, খ. ‘দ্য প্রবলেম অব দ্য রুপি’, গ. ‘ন্যাশনাল ডিভিডেন্ড অব ইন্ডিয়া’ ও ঘ. ‘দ্য ল অ্যান্ড লয়ারস’। উত্তরটা সম্পর্কে নিশ্চিত ছিলেন না হিমানি। এক কোটিতেই তাই খেলাটি শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। প্রতিযোগিতার বাইরে থেকে তাঁকে একটি অপশন বেছে নিতে বলেন সঞ্চালক অমিতাভ বচ্চন। হিমানি পছন্দ করেছিলেন ন্যাশনাল ডিভিডেন্ড অব ইন্ডিয়া। ভুল উত্তর। সঠিক উত্তর হলো—দ্য প্রবলেম অব দ্য রুপি।
সাত কোটি না জিতলেও, দৃষ্টিহীন হিমানি জিতেছেন এক কোটি রুপির প্রশ্ন। এই সিজনের প্রথম কোটি রুপির প্রশ্নের উত্তর দেওয়া প্রতিযোগী তিনি। কী করবেন এই অর্থ দিয়ে?
প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে হিমানি বলেন, ‘দেখুন, কত অর্থ পেলাম, সেটা বড় কথা নয়। “কেবিসি” আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। আগে শুধু আমার সোসাইটির মধ্যেই আমার পরিচিতি ছিল। আজ আগ্রা, বুদেলখণ্ড, জয়পুর ছাড়িয়ে দূর–দূরান্তের মানুষ আমাকে চেনে। সবার অনেক ভালোবাসাভরা বার্তা পাচ্ছি। ফোন করে অনেকেই একবার আমার সঙ্গে কথা বলতে চাইছে, আমার সঙ্গে ছবি তোলার আবদার করছে।’