যেখানে ‘লগান’ হেরেছিল ‘গাদার’–এর কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ জুন ২০০১ সালে ভারতে মুক্তি পেয়েছিল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’

১৫ জুন ২০০১। ভারতে মুক্তি পেল আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গাদার: এক প্রেমকথা’। দুটি ছবিই একই সময়ের গল্প, অবিভক্ত ব্রিটিশ ভারত। বক্স অফিসে মুখোমুখি হয়েছিল এ দুটি ছবি। ইতিবাচক সমালোচনা ও বাণিজ্যিক দিক থেকে সফলতা অর্জন করেছিল ‘লগান’। ২০০২ সালে সেরা বিদেশি ভাষার ছবি ক্যাটাগরিতে একাডেমি পুরস্কারে নমিনেশন পেয়েছিল এ ছবি। সিনেমাটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে। তবে অন্য একটা দিক দিয়ে ‘গাদার’–এর থেকে পিছিয়ে ছিল ‘লগান’।

‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির

‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস প্রতিযোগিতা নিয়ে কথা বলেন আমির। জানান, ঠিক কেমন ছিল সেই মুখোমুখি যুদ্ধ! ‘লগান’ যেখানে অস্কারের মঞ্চে মনোনীত হয়ে ভারতীয় ছবির ইতিহাসে মাইলফলক তৈরি করে, ‘গাদার’ সেখানে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিয়েছিল।

লগান এর একটি দৃশ্য

আমির খান বলেন, ‘আমার মনে হয় দুটো কিংবা তার বেশি ছবি এক দিনে মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারে, যদি সেগুলো ভালো ছবি হয়।’ তিনি বলেন, ‘সানি দেওল আর আমার ইতিহাস আছে। ‘দিল’ আর ‘ঘায়েল’ একই দিনে মুক্তি পেয়েছিল। দুটো ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘গাদার’ আর ‘লগান’-এও সে রকমটাই হয়েছিল। আমার ‘রাজা হিন্দুস্তানি’ ছবির মুক্তির সময়েও সানির একটা ছবি মুক্তি পেয়েছিল। আমার এখন আর নাম মনে নেই।’

গাদার ছবির একটি দৃশ্য

এই দুই ছবি একই দিনে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির, ‘খেয়াল রেখো, “গাদার” কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’ যদিও চিত্রনাট্য শুনেই আমির নিশ্চিত ছিলেন ‘লগান’ও খুব ভালো ছবি হবে। আমিরের কথায়, ‘কিন্তু আমি ভাবতে পারিনি “গাদার” একটা দানব হয়ে উঠবে। “লগান”–এর থেকে তিন থেকে চার গুণ বড় বাজেটের ছবি “গাদার”। ট্রাক ভাড়া করে লোকে ছবি দেখতে এসেছিল। “গাদার” ছিল একটা সুনামির মতো। ভাগ্যিস, “লগান” যদি একটুও নড়বড়ে হতো, আমরা দাঁড়াতেই পারতাম না।

ক্রিকেট নিয়ে সিনেমার আলোচনা উঠলে সবার আগে আসে ‘লগান’ ছবির নাম। ছবি: সংগৃহীত

এটা ভালো যে দুটো ছবিই দর্শকের প্রশংসা পেয়েছে। ভালো ব্যবসা করেছে। আশার কথা, “গাদার”–এর থেকে “লাগান” বক্স অফিসে কম সাফল্য পেলেও সবার মন জয় করে নিয়েছিল।’

বেশ কিছুদিন ধরে ‘গাদার’ ছবিটি রিমেকের আলোচনা চলছে। এ প্রসঙ্গে ছবির পরিচালক অনিল শর্মা জানালেন এ ছবি আজও কেন সমান প্রাসঙ্গিক। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, আজকের সময়ে দাঁড়িয়েও যদি ফের ‘গাদার’ বানাতেন, তা হলেও গল্প কিংবা চিত্রনাট্যে বিন্দুমাত্র পরিবর্তন আনতেন না।

পরিচালকের আরও দাবি, তা সত্ত্বেও এই ছবি শুধু সুপারহিটই হতো না, বরং তখনকার বক্স অফিসের রেকর্ডকেও চুরমার করে দিত! আজও এ ছবির গল্প এতই বাস্তব এবং প্রাসঙ্গিক। অন্যদিকে, ছবিটির নায়ক সানি দেওল এক সাক্ষাৎকারে বলেন, ‘গাদার’ আরও একবার তৈরি হলে খুব ভালো হবে। সানির দাবি, ‘“গাদার” আমার কাছে অনেকটা “স্টার ওয়ার্স”-এর মতো। সারা দেশ দেখেছিল। মানুষ এটাকে ইন্দো-পাক ফিল্ম বলে দাবি করে। আমার কাছে এটা প্রেমকাহিনি।’ তিনি বলেন, ভালো চিত্রনাট্য থাকলে এই ফিল্মের পরবর্তী ফ্র্যাঞ্চাইজি আসতে পারে।