যৌন নির্যাতনের অভিযোগ করলেন কঙ্গনা

ভারতের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়ে অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেছেন সাবেক তিন প্রেমিকের কথা। সাবেক এক প্রেমিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও এনেছেন তিনি। বলেছেন, বাবার বয়সী অভিনেতা আদিত্য পাঞ্চোলির যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। কঙ্গনার প্রেমিক ছিলেন আদিত্য। এ ছাড়া কঙ্গনার প্রেমিক ছিলেন হৃতিক রোশন ও অধ্যয়ন সুমন।
যৌন নির্যাতনের কথা বলায় কঙ্গনাকে ‘পাগল’ বলেছেন আদিত্য। বলেন, ‘এসব পাগলের প্রলাপ।’ এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি ও তাঁর স্ত্রী জরিনা ওয়াহাব। এর আগে অভিনেতা হৃতিক রোশনও কঙ্গনার নামে মানহানির মামলা করেন। সেই মামলা এখনো চলছে।
কঙ্গনার অভিযোগ, ১৭ বছর বয়সে বলিউড অভিষেকের সময় আদিত্য যৌন নির্যাতন করেছিলেন। নবাগত নায়িকাকে ভারতের মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন আদিত্য পাঞ্চোলি। প্রায় গৃহবন্দী অবস্থায় সেখানে কেটেছে কঙ্গনার দিন। সহ্য করতে না পেরে কঙ্গনা নালিশ করেছিলেন আদিত্যের স্ত্রী জরিনা ওয়াহাবের কাছে। ফল হয়েছিল উল্টো।
শিগগিরই মুক্তি পাচ্ছে কঙ্গনা রনৌত অভিনীত ছবি সিমরান। সূত্র: হিন্দুস্তান টাইমস।