যৌন হয়রানির মামলা এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে

কোরিওগ্রাফার গণেশ আচারিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচারিয়া ক্রমে সমস্যার জালে জড়িয়ে পড়ছেন। দুই বছর আগে তাঁর বিরুদ্ধে এক মামলা করা হয়েছিল। এই মামলার এখন অভিযোগপত্র ফাইল করল মুম্বাই পুলিশ।
২০২০ সালে গণেশের এক সহনৃত্যশিল্পী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছিলেন। এই খ্যাতনামা কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানি ছাড়া অনুসরণ করা, ব্যক্তিগত বিষয়ে নাক গলানোসহ নানান অভিযোগ এনেছিলেন তিনি। মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনের কর্মকর্তা সন্দীপ সিন্দে এ মামলার তদন্ত করছেন। সন্দীপ সিন্দে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।

এই মামলার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। গণেশ আচারিয়া আর তাঁর সহকারীর বিরুদ্ধে ৩৫৪এ, ৩৫৪সি, ৩৫৪ডি, ৫০৯, ৩২৩, ৫০৪, ৫০৬ আর ৩৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।’

কোরিওগ্রাফার গণেশ আচারিয়া

গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর তাঁর এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এই নৃত্যশিল্পী যখন গণেশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন, তখন তিনি তা পুরোপুরি অস্বীকার করেছিলেন। আর গণেশ বলেছিলেন, এই অভিযোগ ভিত্তিহীন আর মিথ্যা। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

গণেশ তাঁর সহনৃত্যশিল্পীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। এই নৃত্যশিল্পী ২০২০ সালে তাঁর অভিযোগপত্র বলেছিলেন যে তিনি যখন গণেশ আচারিয়ার দপ্তরে কাজ করতে যেতেন, তখন এই কোরিওগ্রাফার তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেন।

কোরিওগ্রাফার গণেশ আচারিয়া

আর গণেশ অশ্লীল ভিডিও দেখার জন্য তাঁকে জোর করতেন বলে মেয়েটি তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন। মেয়েটি এসব করতে অস্বীকার করলে তাঁকে নানা ভাবে হেনস্তা করতে শুরু করেন গণেশ।

আর এ ঘটনার ছয় মাস পর ভারতীয় ফিল্ম আর টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন তাঁর সদস্যপদ বাতিল করে দেয়। এমনকি গণেশের নারী সহকারীর সঙ্গে মেয়েটির হাতাহাতি পর্যন্ত হয়েছিল। আর এরপর তিনি আইনের সাহায্য নেওয়ার কথা ভাবেন।

কোরিওগ্রাফার গণেশ আচারিয়া

কিন্তু পুলিশ প্রথমে এই মামলা নিতে অস্বীকার করেছিল। এরপর মেয়েটি আইনজীবীর সহায়তা নিয়ে গণেশের বিরুদ্ধে মামলা করেন।