রং ফরসাকারী ক্রিম নিয়ে ইয়ামি যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামি গৌতম
ইয়ামি গৌতম

কিছুদিন আগে বলিউড অভিনেতা অভয় দেওল রং ফরসাকারী ক্রিমের বিরুদ্ধে একটি টুইট করেছিলেন। যেসব তারকা এ ধরনের প্রসাধনীর শুভেচ্ছাদূত হন, তাঁদেরও বিরোধিতা করেন তিনি। তখন সোনম কাপুর অভয়ের সঙ্গে টুইটারেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কারণ, সোনমও যে একটি রং ফরসাকারী প্রসাধনীর বিজ্ঞাপন করেন। কিন্তু ‘ফেয়ার অ্যান্ড লাভলী গার্ল’ হিসেবে খ্যাত ইয়ামি গৌতম এ বিষয়ে তখন টুঁ শব্দটিও করেননি। সম্প্রতি এ অভিনেত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। 

ইয়ামির আসন্ন ছবি ‘সরকার ৩’-এর প্রচারে একটি অনুষ্ঠানে সাংবাদিকেরা ইয়ামির কাছে এ বিষয়ে জানতে চান। অভয় দেওলের মন্তব্য প্রসঙ্গে এই ‘কাবিল’ তারকা বলেন, ‘প্রথমে বলতে চাই, আমি একজন নারী। আর আমি স্বাবলম্বী। আমাকে এ জন্য কঠোর পরিশ্রম করতে হয়। জীবনটা আমার, ইচ্ছাও আমার। অন্য কারও মতামত শুনে আমি তো আর আমার ক্যারিয়ার পাল্টে ফেলতে পারি না।’
অভয়ের কথা যে ইয়ামিকে মোটেও বিচলিত করতে পারেনি, তা কিন্তু তাঁর মন্তব্যেই বোঝা যাচ্ছে। বলিউড বাবল।