রজনিকান্ত পদ্ম বিভূষণ, পদ্মশ্রী পাচ্ছেন অজয়-প্রিয়াঙ্কা

ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্ম বিভূষণ’ খেতাব পাচ্ছেন তামিল ছবির মেগা স্টার রজনিকান্ত, ক্ল্যাসিকাল গায়িকা গিরিজা দেবী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যবসায়ী ধিরু ভাই আম্বানি।
আজ সোমবার ভারত সরকার ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ তিনটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

পিটিআই ও এনডিটিভির খবরে বলা হয়েছে, চলচ্চিত্রে অবদানের জন্য ‘পদ্মভূষণ’ খেতাবের জন্য নির্বাচিত হয়েছেন অভিনেতা অনুপম খের, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা সায়না নেহাল প্রমুখ। এ ছাড়াও ‘পদ্মশ্রী’র জন্য নির্বাচিত হয়েছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অজয় দেবগন এবং ‘বাজিরাও মাস্তানি’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
বাবার এই অর্জনে আপ্লুত রজনী কান্তের মেয়ে সৌন্দ্রিয়া। এক টুইট বার্তায় তিনি জানান, ‘গর্বিত কন্যা!!!! বাবা এবার “পদ্ম বিভূষণ” পেয়েছেন।’
১৯৭৫ সালে অভিনয় শুরু করা ‘রোবট’ তারকা রজনিকান্ত হিন্দি, তেলেগু, কানাডা, মালায়লাম ও বাংলা ছবিতে অভিনয় করেছেন। ৮৬ বছর বয়সী গিরিজা দেবী এর আগে ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ খেতাব পেয়েছেন। গিরিজা দেবীকে ‘থুমরি কুইন’ও বলা হয়। ‘খেল’ ও ‘টপ্পা’য় বিশেষভাবে খ্যাতি আছে পশ্চিম বাংলার এই শিল্পীর।
সানিয়া মির্জা এর আগে ‘পদ্মশ্রী’ এবং ‘খেলরত্ন’ খেতাব পেয়েছেন।