রজনীকান্ত সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজনীকান্ত
রজনীকান্ত

বুলেটের গতি স্থির করে দিতে পারেন তিনি। বোতল মেরে দু কিলোমিটার দূরে থাকা ভিলেনকে করতে পারেন বেহুঁশ। মাটিতে লাথি মেরে কাঁপিয়ে দিতে পারেন পৃথিবী। আলোর চেয়ে দ্রুত গতিতে যেতে পারেন যেখানে-সেখানে। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ভারতের চলচ্চিত্রের দর্শকের কাছে এমনই এক মহিমায় প্রতিষ্ঠিত। সেই রজনীকান্তকেই কীনা এক ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয়ের বিষয়ে সাবধান হতে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি! কিন্তু কেন?

কানাড়ার প্রযোজক অশোক খেনি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের কিংবদন্তি শাসক টিপু সুলতানকে নিয়ে তিনি ছবি করবেন। বীরত্বের জন্য আঠারো শতকের এ শাসককে বলা হতো শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ)।

অশোক খেনির এ ছবিতে ‘টিপু সুলতান’ চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। ব্যস, এতেই ক্ষেপে গেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারা বলছে, টিপু সুলতান ছিলেন একজন সাম্প্রদায়িক শাসক। তিনি নৃশংসভাবে অনেক হিন্দু হত্যা করেছিলেন। তাঁকে নিয়ে ছবি হতেই পারে না, রজনীকান্ত সে ছবিতে অভিনয় করতে পারবেন না।

প্রথমে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল হিন্দু ফ্রন্ট। এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির কেন্দ্রীয় কমিটির সচিব শ্রী এইচ রাজা বলেছেন, ‘টিপু সুলতান একজন হত্যাকারী। তাঁকে বীর বানিয়ে কোনো ছবি করা হলে সেটা হবে ইতিহাস বিকৃতি। রজনীকান্তের এ ধরনের কোনো ছবি করা উচিত হবে না।’


এদিকে, প্রযোজক অশোক খেনি বলেছেন, ‘ছবিটি এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে আছে। রজনীকান্তের সঙ্গে ছবির আইডিয়া নিয়ে প্রাথমিক কথা হয়েছে। টিপু সুলতানের কথা ব্রিটিশরা চাপিয়ে রাখতে চেয়েছিল। রজনীকান্ত আমাকে স্ক্রিপ্ট নিয়ে দেখা করতে বলেছেন।’

রাজনৈতিক দলগুলোর বিরোধিতা দেখে অশোক বলেছেন, ‘আমি জানি না কেন এমন বিরোধিতা হচ্ছে। টিপু সুলতান যদি অমন ভয়ংকর মানুষই হবেন, তবে আমরা আমাদের বাচ্চাদের কেন তাঁর ব্যাপারে বলি? আমরা সব সময় শুনেছি টিপু সুলতানের অনেক কাছের মানুষই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তাহলে তিনি কীভাবে হিন্দুবিরোধী হতে পারেন? আসলে দলগুলো কেবল বিতর্ক সৃষ্টির জন্যই এসব কথা তুলছে।’

এদিকে যাঁকে ঘিরে এসব প্রতিবাদ সেই রজনীকান্তের মুখপাত্র বলছেন, রজনীকান্ত এখনো স্ক্রিপ্ট পড়েও দেখেননি। তাই ছবিটি করার ব্যাপারে তার সম্মতি-অসম্মতির প্রশ্নই আসে না।

রজনীকান্ত এখন ‘কাবালি’ ছবিটি নিয়ে ব্যস্ত আছেন। ২০১৬ সালে তিনি ব্যস্ত থাকবেন শংকরের ‘এনধিরান ২’ নিয়ে। সম্ভবত ২০১৭-এর আগে এই সুপারহিরো আর কোনো ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন না। টাইমস অব ইন্ডিয়া। ইকোনমিক টাইমস। ইন্ডিয়া টাইমস।

দ্য টাইমস অব ইন্ডিয়া