রজনীকান্তকে নিয়ে রাধিকা

রাধিকা আপ্তের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক ভালো ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। ‘অহল্যা’, ‘মাঝি: দ্য মাউন্টেইন ম্যান’, ‘কৃতি’, ‘ফোবিয়া’র পর আজ শুক্রবার মুক্তি পেল তাঁর ছবি ‘কাবালি’। বলা বাহুল্য, ছবির নায়ক যেখানে রজনীকান্ত, সেখানে বক্স অফিসে এর ভাগ্য কী হবে।
রজনীকান্তের ছবিতে কীভাবে জায়গা পেলেন রাধিকা? নিজেই জানালেন, ‘সত্যি বলতে আমি এই ছবি করব, স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমাকে যখন প্রথম ফোন করা হলো, তখন আমি জানতাম এটি একটি ব্যবসায়িক ছবি।’ তখন তিনি জানতেন, ছবিতে তাঁরও কিছু করার থাকবে। নায়িকা হয়ে শুধু গান গাওয়াটাই তাঁর কাজ হবে না।
রজনীকান্তের সঙ্গে প্রথম সাক্ষাৎ দুটিতে রাধিকা বুঝেছিলেন, রজনী কতটা বিনয়ী। তিনি যে কত বড় তারকা, সেটা শুধু মালয়েশিয়ায় গিয়ে বুঝতে পেরেছিলেন রাধিকা। তাঁর এক মুচকি হাসি ও হাত নাড়ানোতেই কত মানুষ চিৎকার করেছিল সেদিন!
এই অভিনেত্রী আজ চেন্নাইয়ে ছবির উদ্বোধনীতে থাকতে পারছেন না। অন্য ছবির শুটিংয়ের জন্য তাঁকে মুম্বাই থাকতে হচ্ছে। এখন তিনি ‘ঘৌল’ ছবির শুটিং করছেন। ইতিমধ্যে ‘দ্য আশ্রম’ নামের একটি ইংরেজি ছবির শুটিংও সেরেছেন এই অভিনেত্রী। ফিল্মফেয়ার।