রজনীকান্তকে পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজনীকান্ত
রজনীকান্ত

ভারতের দক্ষিণের ‘সুপারস্টার’ অভিনেতা রজনীকান্তকে চিকিৎসকেরা সম্প্রতি পূর্ণ বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন। তামিল ‘কাবালি’ ছবির টানা শুটিংয়ের কারণে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৫ বছর বয়সী এই অভিনেতা। গত বছর আগস্ট মাস থেকে মালয়েশিয়ায় এ ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রজনীকান্ত। সোমবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে টানা এক সপ্তাহ ঘরে বসে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

একটি সূত্র জানায়, ছবির মালয়েশিয়া অংশের শুটিং থেকে ফিরে তিনি মেয়ের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। তাঁর জন্য হাসপাতালে একটি বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়। যেদিন ভর্তি হন, সেদিন সন্ধ্যায়ই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়; কিন্তু চিকিৎসক জানিয়েছেন, তাঁকে অন্তত সাত দিন বিশ্রাম নিতে হবে। এই মুহূর্তে কোনো কাজের ধকল নেওয়া চলবে না। তবে, বাস্তবতা হলো কয়েক দিন বাদেই তাঁকে আবারও কাজে ফিরতে হবে। দিনকয়েক পরেই নির্মাতা শংকরের ব্লগবাস্টার তামিল ছবি ‘এনথিরান’-এর সিকুয়ালের শুটিংয়ে অংশ নিতে হবে রজনীকান্তকে। এ ছবিতে তাঁর সঙ্গে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকেও দেখা যাবে। এটি অক্ষয়ের প্রথম তামিল ভাষার ছবি।

‘কাবালি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কিশোর, দীনেশ রবি প্রমুখ।
তামিল ভাষার এই ছবিটি চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এনডিটিভি।