রজনীকান্তের জুটি হচ্ছেন রাধিকা আপ্তে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

রজনীকান্তের সঙ্গে অভিনয়, তাও আবার জুটি হয়ে! সম্প্রতি একটি তামিল ছবিতে অভিনেত্রী রাধিকা আপ্তে জুটি হচ্ছেন ‘সুপারস্টার’ রজনীকান্তের সঙ্গে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অহল্যা’খ্যাত অভিনেত্রী রাধিকা এর মধ্যেই হিন্দি, মারাঠি, তামিলসহ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন। মঞ্চ অভিনয়েও সুনাম আছে তাঁর।
ত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী এবার ‘কাবালি’ নামে তামিল একটি ছবিতে ভারতের চলচ্চিত্রের ‘সুপারস্টার’ রজনীকান্তের সঙ্গে জুটি বাধবেন। এত বড় একজন তারকার সঙ্গে অভিনয় করতে পেরে রাধিকা যারপরনাই খুশি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। ডিসেম্বরের ১ তারিখ থেকে এই ছবির শুটিং এ আমার অংশগ্রহণ করার কথা। তবে, ছবির শুটিং মালয়েশিয়াতে হবে নাকি অন্য কোথাও সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই।' '
রঞ্জিত পরিচালিত ‘কাবালি’ ছবির পুরো শুটিং ইউনিট এখন মালয়েশিয়াতে। সেখানেই ছবির ৭০ শতাংশ কাজ হবে বলে জানা গেছে। এর আগে ছবির প্রথম কিস্তির শুটিং ভারতের চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে। এই ডিসেম্বর মাস থেকে রাধিকার অংশের কাজ শুরু হবে। ছবিটি আগামী বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা।
এই সিনেমাতে রাধিকা ৬৪ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। অবশ্য, প্রবীণ অভিনেতার স্ত্রীর ভূমিকায় এটাই তাঁর প্রথম কাজ নয়। এর আগে-‘অহল্যা’-তে আশি বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এনডিটিভি