রণবীর ও দীপিকার বিয়ের সময় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

কদিন আগেই বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে কেউ একজন ভারতীয় গণমাধ্যমে ছড়িয়েছিল যে এ বছরের শেষ নাগাদ বলিউডের ‘রাম-লীলা’র বিয়ের সানাই বাজবে। কিন্তু সে সানাইয়ের সুর ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিলেন রণবীর সিং। হবু বর বললেন, এ বছর বিয়ে করার সময় নেই।

ইদানীং দীপিকা পাড়ুকোন কিংবা রণবীর সিং যে অনুষ্ঠানে যান না কেন, সেখানেই তাঁদের প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। তাঁদের সমসাময়িক অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের পর তো এই প্রশ্নবাণ আরও তীক্ষ্ণ হয়েছে। কিন্তু রণবীর ও দীপিকা নিজেদের সিদ্ধান্তে অনড়। বিয়ে নিয়ে কেউ কোনো রা করেননি এত দিন। তবে এবার বাড়াবাড়িই হয়ে গেছে। ভারতের কিছু জাতীয় দৈনিক ও বহুল প্রচারিত নিউজ পোর্টাল তাদের খবরে বলেছিল, এ জুটির বিয়ে হচ্ছে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যখানের কোনো সময়ে। তাই এবার আর চুপ থাকতে পারলেন না রণবীর সিং।

স্পাইস রুট সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, এ বছর বিয়ের পিঁড়িতে বসার সময় হবে না তাঁর। এমনকি নিজে উদ্যোগী হয়ে দীপিকার পক্ষ থেকেও বলে দিলেন বিয়ে না করার কারণ। রণবীর বলেন, ‘এটা খুবই প্রচলিত গুজব। অফিশিয়ালি কিছুই হচ্ছে না এ বছর। আমি সামনের কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না। তবে এখন আমরা খুব ব্যস্ত। তার ওপর সে-ও (দীপিকা) তাঁর পিঠের সমস্যা সারাতে অনেক পরিশ্রম করছেন। আমাদের দুজনেরই হাত-পা একদম বাঁধা এবং বিক্ষিপ্ত অবস্থায় আছি। তাই সামনে যদি কোনো কিছু ঘোষণা করার থাকে, আমি নিজে ছাদে উঠে চিৎকার করে সুখবর সবাইকে দেব।’ বলিউড হাঙ্গামা