রণবীর কাপুরের প্রেমের খবর ভুয়া?

বলিউড যেন এক গুজবের দুনিয়া। সর্বশেষ যে গুজবটি নিয়ে ভারতীয় গণমাধ্যম ব্যস্ত হয়ে উঠেছে, তা হলো রণবীর কাপুরের প্রেম। তিনি নাকি দিল্লির এক মেয়ের সঙ্গে আজকাল প্রেম করে বেড়াচ্ছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলিউডের এই অভিনেতা। তবে, রণবীরের ‘কথিত প্রেমিকা’ ভারতী মালহোত্রাই সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন।
কে কীভাবে কেন রণবীরের সঙ্গে তাঁকে জড়িয়ে প্রেমের খবর ছড়িয়েছে, তার কিছুই জানেন না ভারতী। এমনটাই দাবি করেছেন পেশাদার এই মেকআপ আর্টিস্ট। সবচেয়ে মজার কথা, তিনি জানিয়েছেন, প্রেম তো দূরে থাক; রণবীরের ভক্তও নন তিনি।
এদিকে গত সপ্তাহ থেকে ভারতের কিছু গণমাধ্যমে জানানো হচ্ছে, রণবীর ইদানীং প্রেম করে বেড়াচ্ছেন ভারতী নামের দিল্লির এক মেয়ের সঙ্গে। শুধু খবরই নয়, খবরের সঙ্গে মেয়ের ছবিও জুড়ে দেওয়া হয়েছিল।
ভারতী জানান, গত সপ্তাহে তাঁর এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করেন, তিনি বলিউডের তারকা রণবীরের সঙ্গে প্রেম করছেন কি না। প্রথমে এটাকে মজা ভেবে উড়িয়ে দেন ভারতী। কিন্তু এরপর একটি চ্যানেলে তাঁকে রণবীরের প্রেমিকা হিসেবে অভিহিত করার পর টনক নড়ে তাঁর।
‘ইন্টারনেটে এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো পড়ে আমি অবাক হয়ে যাই। রণবীর কাপুরের সঙ্গে নাকি ইদানীং কিছু ‘রহস্য বালিকা’দের ঘুরতে-ফিরতে দেখা যাচ্ছে। আর আমাকেও এই দলে ফেলে দেওয়া হয়েছে। অথচ আমি জানি না কীভাবে কী হলো। আমার সঙ্গে কোনো যোগাযোগ না করেই গণমাধ্যমগুলো এমন উড়ো খবর প্রকাশ করে দিয়েছে। আমাকে না জানিয়ে ফেসবুক থেকে আমার ছবি নামিয়ে সেসব প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। আমি কয়েকটি গণমাধ্যমে ফোন করে আপত্তি জানানোর পর তাঁরা অবশ্য সেই প্রতিবেদন সরিয়ে নিয়েছে। কিন্তু কিছু পত্রিকা এই ভুয়া খবর সরিয়ে না ফেলে গল্পে আরও ডালপালা যুক্ত করছে। সবার মুখে মুখে এখন এই একই কথা। আমি এই নিয়ে বিরক্ত’, বলেছেন ভারতী।
নায়ক-নায়িকাদের নিয়ে অনেক গুজবই রটে। কিন্তু কোথা থেকে এই ভারতী মালহোত্রার আগমন আর কী এই গুজবের সূত্র, তা-ই এখন দেখার পালা। ডেইলি ভাস্কর।