রণবীর-ক্যাটের বাড়ির দাম ২০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের বহুল আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে পছন্দের বাড়ি খুঁজে পেয়েছেন তাঁরা। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ডুপ্লেক্স ওই ফ্ল্যাটের দাম ২০ কোটি রুপি।

এদিকে বলিউডপাড়ায় জোর গুঞ্জন, বিয়ে করেই ক্যাটরিনাকে নিয়ে নতুন বাড়িতে উঠবেন রণবীর। কারণ সম্প্রতি রণবীরের মা নিতু সিং লন্ডনে গিয়ে ক্যাটরিনার মায়ের সঙ্গে রণবীর-ক্যাটরিনার বিয়ের ব্যাপারে আলোচনা করেছেন। শুধু তা-ই নয়, চলতি মাসেই লন্ডনে গিয়ে হবু শাশুড়ির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছেন রণবীর। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

এ ছাড়া কিছুদিন আগে শিগগির বিয়ে করে থিতু হবেন বলেই ইঙ্গিত দিয়েছিলেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমিকা ও সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তিনি বিয়ে করবেন কি না, তা খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে, অচিরেই ক্যাটরিনার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন ‘জুনিয়র কাপুর’।

বিয়ের পরিকল্পনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণবীরের জবাব ছিল, ‘আশা করছি, খুব শিগগির আমার বিয়ের ঘণ্টা বাজবে। সত্যি বলতে কী, আমার বয়স বেড়ে যাচ্ছে। এরই মধ্যে জীবনের ৩১টি বছর পার করেছি আমি।’