রণবীর-দীপিকার বাগদান ফেব্রুয়ারিতে!

বলিউডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমের খবর ভাসছে প্রায় দুই বছর ধরে। দিনকয়েক আগে এই জুটির বাগদানের খবরও চাউর হয়েছে। এবার শোনা যাচ্ছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাকি আংটি বদল করতে যাচ্ছেন তাঁরা।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এক খবরে বলিউডলাইফ ডটকম জানিয়েছে, রণবীর-দীপিকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে আলোচনার জন্য এরই মধ্যে তাঁদের অভিভাবকদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে সম্মতি পেয়ে গেছে বলিউডের জনপ্রিয় এ তারকা জুটি।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে রণবীর-দীপিকার মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে। সময়ের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মুখে স্বীকার না করলেও, তাঁদের প্রেম বলিউডে প্রায় প্রতিষ্ঠিত একটি বিষয়।
দীপিকাকে বিয়ে করে থিতু হবেন কি না তা নিয়ে মুখ না খুললেও রণবীরের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, দ্রুত বিয়ে করে থিতু হতে চান তিনি। বিয়ে নিয়ে রণবীরের মন্তব্য, ‘এই জুলাইয়ে ৩০ বছর বয়সে পা দেব আমি। প্রেম, বিয়ে ও পরিবার নিয়ে আগে আমার ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। পেশাজীবীদের মধ্যে অতিরিক্ত ডিভোর্সের হার দেখে আমার মনে বিশ্বাস দানা বেঁধেছিল যে, বিয়ে অপ্রয়োজনীয় একটি বিষয়। একা থাকার মধ্যেই বেশি আনন্দ।’

রণবীর আরও বলেন, ‘কিন্তু এখন আমি পরিণত। গত তিন বছরে আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা থেকে বিয়ের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আমার বয়স এখন ২৯। আজ আমার একটিই লক্ষ্য। খুবই সরল সেই লক্ষ্যটি হলো সম্মানিত একজন পারিবারিক মানুষ হওয়া। থিতু হওয়ার জন্য প্রচুর সময় নিয়ে চিন্তা-ভাবনা করছি আমি।’
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাগদানপর্ব সারতে যাচ্ছেন রণবীর-দীপিকা। বাগদানের মধ্য দিয়ে তাঁরা নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চান। রণবীরকে দারুণ পছন্দ করেন দীপিকার অভিভাবকেরা। তাঁদের চাওয়া, রণবীর-দীপিকার সম্পর্ক আনুষ্ঠানিক একটি রূপ পাক।
এ ছাড়া, ১০ জুন ছিল দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের ৬০তম জন্মদিন। সেদিন জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর। শুধু তাই নয়, অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শুরুর দিকে রণবীরের সঙ্গে সম্পর্কের পরিণতি নিয়ে খুব বেশি নিশ্চিত ছিলেন না দীপিকা। তবে বাগদানের মতো বড় পদক্ষেপ নিতে এখন তাঁর আর কোনো আপত্তি নেই।