রণবীর-দীপিকার মাঝরাতের অভিসার

মাঝরাতে অভিসারে গিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের আলোচিত তারকা যুগল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অনেক দিন থেকেই চুটিয়ে প্রেম চলছে রণবীর-দীপিকার মধ্যে। কিন্তু বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে এখন পর্যন্ত প্রেমের কথা মুখে স্বীকার করেননি তাঁরা। তবে ঘন ঘনই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মাঝরাতে একসঙ্গে নৈশভোজে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন রণবীর-দীপিকা।
সম্প্রতি ফাইন্ডিং ফ্যানি ছবির প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন রণবীর ও দীপিকা। শুধু তা-ই নয়, লুকোচুরি না খেলে সবাইকে অবাক করে দিয়ে আলোকচিত্রীদের ছবি তোলারও সুযোগ করে দেন এ জুটি। ঘটনার এখানেই শেষ নয়। ছবি দেখা শেষ করে একসঙ্গে নৈশভোজের উদ্দেশে প্রেক্ষাগৃহ ত্যাগ করেন তাঁরা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ফাইন্ডিং ফ্যানি ছবির প্রদর্শনী দেখা শেষ করে একসঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বের হন রণবীর ও দীপিকা। তাঁরা নিঃসংকোচে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দেন। এরপর সেখান থেকে গাড়িতে চেপে দীপিকার পছন্দের একটি রেস্তোরাঁয় যান তাঁরা। অবশ্য রেস্তোরাঁয় প্রবেশের সময় তাঁরা বেশ সতর্ক ছিলেন। তাঁরা সেখানে একসঙ্গে না ঢুকে আলাদা-আলাদাভাবে প্রবেশ করেন।
চলতি মাসের শুরুর দিকে ফাইন্ডিং ফ্যানি ছবির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, পঙ্কজ কাপুর প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিতে দীপিকার স্বামীর চরিত্রে দেখা গেছে রণবীরকে। বাস্তব জীবনেও তাঁকে এই ভূমিকায় দেখা যায় কি না, সময়ই তা বলে দেবে।