রণবীর-রণবীরে 'বিরক্ত' দীপিকা

‘রণবীর’ ‘রণবীর’ শুনে কান পচে গিয়েছিল। এখন ‘রণবীর’, ‘রণবীর’ শুনে কান যেন আরও পচে যাচ্ছে! আগে ছিল রণবীর কাপুরকে নিয়ে গুঞ্জন। এখন রণবীর সিং। এখন আবার যুক্ত হয়েছে দুই রণবীরের মধ্যে তুলনা। এ নিয়ে দীপিকা পাড়ুকোন ভীষণ বিরক্ত।
দীপিকা যদিও মুখে বলছেন বিরক্ত নন। কিন্তু তাঁর কথার ঝাঁজ শুনলেই বুঝে যাবেন, ‘এটা আমাকে বিরক্ত করে না বা রাগায় না। আমার কাছে এটা বোকামি লাগে। দিনের পর দিন তারা তুলনা করেই যাচ্ছে। আমি তো ইরফান খান আর অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করেছি। কই, সেই দুজনের তুলনা তো কেউ করে না। সবার সঙ্গে কাজ করলেও নিজের সুবিধা হয় দেখেই দুই রণবীরকে তুলে আনা হয় তুলনার জন্য।’
রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেম ছিল। এখন গুঞ্জন রণবীর সিংকে নিয়ে। কিন্তু দীপিকা যেন বলে দিতে চাইলেন অনেক হয়েছে দুই রণবীরকে নিয়ে টানাটানি। তিতকুটে লেবুটাকে এবার রেহাই দিন।
কিন্তু তিনিও তো ঝেড়ে কাশছেন না। নিজের সম্পর্কের ব্যাপারে বরাবরই দিলখোলা কথাবার্তা বললেও সিং সাহেবকে নিয়ে লুকোচুরি কেন? এখন কেন ‘বেস্ট ফ্রেন্ড’ তকমা সেঁটে দেওয়া? অতীত থেকে শিখেছেন বলেই কি এবারের রণবীরকে লুকিয়ে রাখতে চান হৃদয়ের গোপনতম সিন্দুকে? পিটিআই।