রণবীর সিং যা চাননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

সাধারণত নিজের সেরা কাজটা সবাই প্রথমে তাঁর বাবা-মাকেই দেখাতে চাইবেন, এটাই স্বাভাবিক! কিন্তু বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং বলেছেন ভিন্ন কথা। তিনি নাকি চাইছিলেন না যে, তাঁর মা তাঁর অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটা দেখুন!

অবশ্য এর পেছনের কারণটা হলো, কোন মা-ই তাঁর সন্তানের মৃত্যু চান না। কিন্তু বলিউডের অভিনেতা রণবীর সিংয়ের মা বাস্তবে তো বটেই, সিনেমাতেও যদি রণবীর অভিনীত চরিত্রটির মৃত্যু ঘটে তেমন চরিত্রে তাঁর ছেলে অভিনয় করুক সেটাও তিনি চান না। অথচ রণবীর সিং অভিনীত সাম্প্রতিক ছবি গুলিতে অধিকাংশ ক্ষেত্রেই তাঁর শেষ পরিণতি হচ্ছে- মৃত্যু। ছবিতে ছেলের মৃত্যুটা মোটেও ভালো ঠেকছে না রণবীর সিংয়ের মা অঞ্জু ভাবনানির।

সঞ্জয় লীলা বনশালীর বাজিরাও মাস্তানি ছবিতেও চূড়ান্ত পর্যায়ে এসে রণবীর অভিনীত চরিত্র পেশওয়া বাজিরাও মৃত্যুবরণ করেন। আর অধিকাংশ ছবির মতো এই ছবিতেও নিজের ছেলের মৃত্যু (হোক সেটা ছবিতে) দেখতে যে একেবারেই ভালো লাগবে না মা অঞ্জুর— এটাই স্বাভাবিক।

সম্প্রতি ডেকান ক্রনিকেল দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, ‘লুটেরা’, ‘গুণ্ডে’ এমনকি ‘বাজিরাও মাস্তানি’— প্রতিটিতেই ছবির চূড়ান্ত পর্যায়ে এসে নায়কের মৃত্যু হয়। এ কারণেই তিনি চাননি তাঁর মা ছবিটি দেখুন। কিন্তু তাঁর মা নাকি একরকম জোর করেই ছবিটি দেখেছেন। দেখা শেষে কিছুক্ষণ যেন অনুভূতিহীন হয়ে থেকেছেন এবং প্রায় আধঘণ্টা ছেলেকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন!

যা হোক, রণবীরের মা দেখতে চান দীপিকা পাডুকোণের সঙ্গে তাঁর ছেলের এমন একটি ছবি, যে ছবিতে তাঁর ছেলের মৃত্যু ঘটবে না। রণবীরও স্বীকার করেছেন, ছবিতে তিনিও বাঁচতে চান এবং বেঁচে থেকে দীপিকার সঙ্গে সুখে-শান্তিতে ঘর করতে চান!

উল্লেখ্য, রণবীর সিংকে এরপর প্রেমিক চরিত্রে দেখা যাবে আদিত্য চোপড়ার ‘বেফিকির’ ছবিতে, বাণী কাপুরের বিপরীতে। টাইমস অব ইন্ডিয়া। মুভি টকিজ।