রণবীর সিংকে লতার সম্মাননা!

এখন রণবীর সিংয়েরই দিন। একের পর এক সাফল্য আর পুরস্কার জমা পড়ছে তাঁর ঝুলিতে। এবার তিনি পুরস্কার পাচ্ছেন সুরসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের কাছ থেকে!
আসল ব্যাপার হলো, প্রতি বছরের ২৪ এপ্রিল মুঙ্গেশকর পরিবার একজন শিল্পীকে সম্মান জানায়। লতা মুঙ্গেশকরের পিতা পণ্ডিত দীননাথ মুঙ্গেশকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর মৃত্যুবার্ষিকীতে মুঙ্গেশকর বোনেরা এ আয়োজন করে। এ বছর ‘পণ্ডিত দীননাথ মুঙ্গেশকর পুরস্কার’ দেওয়া হবে বলিউড অভিনেতা রণবীর সিংকে।
ভারতের পুনেতে আয়োজিত হবে এ অনুষ্ঠান।
এ ব্যাপারে লতা মুঙ্গেশকর বলেছেন, ‘রণবীর খুব ভালো অভিনেতা। মনে হয়, সে দারুণ ইতিবাচক মানুষও। যেখানেই যায়, সেখানেই খুশি ছড়িয়ে দেয়। আমরা আনন্দিত যে, আমাদের বাবার নামে এ পুরস্কার এবার আমরা রণবীরকে দিচ্ছি।’
‘বাজিরাও মাস্তানি’র সাফল্য, ফিল্মফেয়ার পুরস্কারের পর দীননাথ মুঙ্গেশকর পুরস্কার—রণবীরের বৃহস্পতি এখন তুঙ্গে বটে। বলিউড হাঙ্গামা