রণবীরকে নিল ডাউন করিয়ে রাখতেন বানসালি!
গ্ল্যামার, অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছেন রণবীর কাপুর। তবে এই পথ যে সহজ ছিল না। সে কথাই সম্প্রতি বললেন কাপুর পরিবারের এই জনপ্রিয় অভিনেতা।
অভিনেতা হওয়ার আগে রণবীর কাপুর কাজ করেছিলেন ক্যামেরার পেছনে। অনেকেই হয়তো জানেন না যে, ‘ব্ল্যাক’ ছবিতে তিনি ছিলেন সঞ্জয় লীলা বানসালির সহকারী। এই বানসালির হাত ধরেই পরে ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিনয় শুরু করেন রণবীর। বিপরীতে সোনম কাপুর। এই সিনেমার জন্য ‘বেস্ট ডেবিউটেন্ট’ হিসেবে ফিল্মফেয়ারও পেয়েছিলেন তিনি।
সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে কথা প্রসঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমাতে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমাকে সেটে কোনো সুবিধা দেওয়া হতো না। সঞ্জয় স্যার সবার সঙ্গে যেমন ব্যবহার করতেন, আমার সঙ্গেও তেমনই করতেন। এমনকি আমাকে অনেকক্ষণ ধরে নিল ডাউন করিয়ে রাখতেন। মারধর করতেন, গালাগালি করতেন…।’
হয়তো মনে মনে কষ্ট পেয়েছিলেন রণবীর। তবে এই গালাগাল যে তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছে, সে কথা বলতে ভুললেন না। এই অভিনেতা বলেন, ‘আমার মনে হয় ওই শক্ত ব্যবহারের জন্যই আমি আজ পৃথিবীর সঙ্গে লড়াই করার ক্ষমতা পেয়েছি।’
এই মুহূর্তে রণবীর কাপুর অপেক্ষায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবি মুক্তির। ২০২২ সালে মুক্তি পাবে এই ট্রিলজি। এই প্রথম প্রেমিকা আলিয়ার সঙ্গে কাজ করছেন রণবীর। ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও করণ মেহরার ‘শমশেরা’, সন্দীপ রেড্ডির ‘অ্যানিম্যাল’ এবং লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে।