রণবীরকে নিয়ে যে ভয় ক্যাটরিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্কের বিষয়টা কমবেশি সবারই জানা। কিন্তু এর পরেও রণবীর বা ক্যাটরিনা, দু’জনের কেউই কখনোই তাঁদের সম্পর্ক নিয়ে এতটা সরাসরি কখনো কিছু জানাননি বললেই চলে। রণবীর প্রসঙ্গে একরকম হঠাৎ করেই মুখ খুললেন ক্যাটরিনা। এই অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁদের বিয়েকে কেন্দ্র করে তাঁর সব থেকে বড় ভয়ের কারণটি।

জিকিউ ম্যাগাজিনকে ক্যাটরিনা জানান, তাঁর সঙ্গে রণবীরের পরিবার অর্থাৎ কাপুর পরিবারের সম্পর্কটা এখনো ততটা ঘনিষ্ঠ হয়নি, ঠিক যতটা তিনি চান। তিনি চান রণবীরের পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে। এমনকি তিনি কাপুর পরিবারের সঙ্গে বেড়াতে যেতেও চান। তবে, তাঁর সব থেকে বড় ভয়, তাঁর আর রণবীরের বিয়ের বিষয়টা নিয়ে।

ক্যাটরিনা জানিয়েছেন, তিনি যখন বিয়ের পিঁড়িতে বসবেন, তখন যদি কোনো কারণে রণবীরের মনে হয় যে, তিনি ক্যাটরিনাকে যথেষ্ট ভালোবাসেন না কিংবা তিনি ক্যাটরিনাকে আদৌ বিয়ে করবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন! তাহলে ক্যাটরিনার মন একদমই ভেঙে যাবে। তিনি এ বিষয়টা কোনোভাবেই সহ্য করতে পারবেন না। আর এটাই এখন তার জীবনের সবচেয়ে বড় ভয়।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। পরস্পরের কাছাকাছি এসেছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। পরবর্তীতে বিভিন্ন সময়ে বলিউডের এই জুটির প্রেমের ভাঙা-গড়ার খবর নিয়ে সরব হয়েছে বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু বলিউডের তারকাদের প্রেমের যে রীতি, সে অনুযায়ী বরাবরই নিজেদের প্রেমের সম্পর্ককে বরাবরই রহস্যের ধোঁয়াশায় ঢেকে রেখেছেন রণবীর-ক্যাটরিনা। জিনিউজ।