রণবীরে ধরাশায়ী হবেন সালমান!

সালমান খানের রাতের ঘুম এবার বোধ হয় যেতে বসেছে! ঘুম কেড়ে নেওয়ার সব রকম প্রস্তুতি নাকি নিয়ে ফেলেছেন বলিউড তারকা রণবীর কাপুর। এর আগেও একবার বলিউডের ভাইজান সালমান খানের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন রণবীর, কারণ সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ বাসা বেঁধেছিলেন রণবীরের হৃদয়ে। দুজনের ভালোবাসার সম্পর্কে রীতিমতো রেগেমেগে আগুন হয়ে যান সালমান। সেই থেকে সালমানের চক্ষুশূল রণবীর। এবার রণবীরের ‘সঞ্জু’ ছবিটি সালমান খানের ‘রেস থ্রি’ ছবির একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে চলছে।
শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এ বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘সঞ্জু’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি রণবীরের অভিনয়জীবনের সবচেয়ে হিট ছবি হবে—এমনটাই ধারণা বলিউডের ছবি ব্যবসায়ীদের। শুধু তা-ই নয়, রণবীরের এই ছবির কাছে সালমানের ছবিটি ধরাশায়ী হবে বলেও মনে করছেন বলিউডের অনেকে।
অনেকের মতে, ‘সঞ্জু’ মুক্তির পর ‘রেস থ্রি’ রেসের ময়দান থেকে ছিটকেও যেতে পারে। এরই মধ্যে সালমানের এই ছবির বাজার পড়তির দিকে। প্রথম সপ্তাহে ছবিটি আশা জাগালেও ধীরে ধীরে বলিউডের ভাইজানের ভক্তরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর মধ্যে ‘সঞ্জু’ মুক্তি পেলে সালমানের যাও নাকি কিছু আশা ছিল, সেটাও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।
‘সঞ্জু’ ছবির ট্রেলার এবং টিজার মুক্তির পর দর্শকের প্রত্যাশা বেড়েছে। শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির এই ছবিটি আয়ের দিক থেকে এ বছর এক নতুন রেকর্ড গড়তে পারে। ২০১৮ এখনো পর্যন্ত সবচেয়ে আয় হয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবি থেকে। বানসালির এই ছবিটিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। আর তার প্রভাবেই বক্স অফিসে এই চূড়ান্ত সফলতা।
এখন পর্যন্ত বায়োপিক-নির্ভর ছবিতে ব্যবসায়িকভাবে সবচেয়ে সফল আমির খানের ‘দঙ্গল’। শুধু ভারতেই এই ছবি ৩৮৭ কোটি রুপি আয় করে। রণবীর কাপুরের অভিনয়জীবনের সবচেয়ে হিট ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে আয় হয় ১৯০ কোটি রুপি। মুক্তির প্রথম দিনের রণবীর ও দীপিকা পাড়ুকোনের এই ছবি ১৯ কোটি রুপি ব্যবসা করে। আশা করা যাচ্ছে, ‘সঞ্জু’ এই আয়কে ছাড়িয়ে যাবে।
‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানির সবচেয়ে সফল ছবি এখন পর্যন্ত ‘পিকে’ ধরা হয়। আমির খান ও আনুশকা শর্মার এই ছবি থেকে আয় হয় ৩৩৭ কোটি রুপি। রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’সহ আরও সব ছবি দারুণ ব্যবসা করে। এখন দেখা যাক জনপ্রিয় এই পরিচালকের ‘সঞ্জু’ ছবিটি তাঁর আগের সব রেকর্ড ভাঙতে পারে কি না। তবে ‘সঞ্জু’ ছবির অগ্রিম বুকিং সেই আশা জাগাচ্ছে প্রবল।