রণবীরের অন্তরঙ্গ অদিতি, দীপিকা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং ও অদিতি রায় হায়দারি
রণবীর সিং ও অদিতি রায় হায়দারি

‘পদ্মাবতী’ ছবিতে আবারও দেখা যাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে। কিন্তু যাঁরা এ জুটির ধোঁয়া ওঠা রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য আছে মন খারাপ করা খবর। কারণ, ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ আর ‘বাজিরাও মাস্তানি’তে যতটা কাছাকাছি আর অন্তরঙ্গ দেখা গিয়েছিল রণবীর ও দীপিকাকে, এ ছবিতে তেমনটি ঘটছে না। কারণ, একদিকে দীপিকার স্বামী হিসেবে দেখা যাবে শহীদ কাপুরকে, অন্যদিকে রণবীরকে ‘পদ্মাবতী’-তে অদিতি রাও হায়দারির কাছাকাছি দেখা যাবে। অদিতি হবেন রণবীরের প্রিয় স্ত্রী।
সঞ্জয়লীলা বানসালির পরপর দুই ছবিতে রোমান্টিক জুটি ছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। গুঞ্জন উঠেছিল, বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তেও ঘটবে এর পুনরাবৃত্তি। কিন্তু সে খবর ফিকে হয়ে যাচ্ছে। এ ছবিতে রণবীর অভিনয় করবেন আলাউদ্দিন খিলজির চরিত্রে। আর তাঁর প্রিয় স্ত্রী কমলা দেবীর চরিত্রে অভিনয় করবেন অদিতি। তাই ছবিতে তাঁদের প্রেমটাই জমবে বেশ।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ‘পদ্মবতী’ ছবির রণবীরের অংশের শুটিং। এরই মধ্যে ছবিটির চিত্রায়ণের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। ছবিতে রানি পদ্মাবতী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর তাঁর স্বামী রাওয়াল রতন সিং চরিত্রে দেখা যাবে শহীদ কাপুরকে। আগামী বছর ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। বলিউড হাঙ্গামা।