রণবীরের জন্যই সুলতানের নায়িকা হননি ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

শুটিংয়ের চাকা মেঝেতে গড়ানোরও বহু আগে নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে খবর হয়েছিল সালমান খানের ‘সুলতান’ ছবিটি। ‘সুলতান’-এর নায়িকা কে হচ্ছেন? এ নিয়ে তুমুল আলোচনা আর গুজবও রটেছিল বলিউডে। দীপিকা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া; পরিনীতি থেকে যতক্ষণ না আনুশকা শর্মা এই চরিত্রটি তাঁর ব্যাগে না ভরে ফেলেছিলেন—শেষ পর্যন্ত আলোচনা আর গুজবের ডানায় খবর ছুটেছে সপ্তাকাশে।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রস্তাব গিয়েছিল ক্যাটরিনা কাইফের কাছেও। আর ক্যাটরিনা কাইফ সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন স্রেফ রণবীর কাপুরের কথা ভেবেই। কেননা এই ছবির ‘সুলতান’ যে সালমান খান! আর যার সঙ্গে রণবীরের মুখ দেখাদেখি বন্ধ হওয়ার একমাত্র কারণ—ক্যাটরিনা কাইফ!

যা-হোক, দিন বদলেছে। ক্যাটরিনার পাশে সেই রণবীরও নেই আর ‘সুলতান’-এর নায়িকা হওয়ার সুযোগও হারিয়ে ফেলেছেন তিনি।

অবশ্য ক্যাটরিনা যে বাস্তবের ‘সুলতান’ সালমান খানের হৃদয়ে আজও অনেকটা জায়গা দখল করে রেখেছেন, সে বিষয়টি স্পষ্ট হয়েছে রণবীরের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি ঘটার সময় থেকেই। সে সময়ে খান সাহেব সহযোগিতার হাত বাড়িয়ে ক্যাটরিনার পাশেই থেকেছেন।

বাস্তবেই যখন সুলতানের সান্নিধ্য মিলছে! সিনেমার সুলতানের নায়িকা না হওয়ার দুঃখ ক্যাটরিনার হৃদয়কে ভারাক্রান্ত না করারই কথা! অবশ্য বিষয়টি নিশ্চিত করে বলাও সম্ভব নয়। কেননা এ বিষয়ে যে ক্যাটরিনা কাইফ টুঁ শব্দটিও করেননি! টাইমস অব ইন্ডিয়া।