রণবীরের দিন ভালো যাচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

কথায় বলে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। বলিউড তারকা রণবীর কাপুরের ক্ষেত্রে এ কথা খুব প্রযোজ্য। অভিনয়ে নাম লিখিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মাত করেছিলেন রণবীর। কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসাও। তবে ব্যক্তিগত জীবন ঘিরে তাঁকে নিয়ে কিছুটা বিতর্ক ছিল সব সময়। অবশ্য এ কারণে জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি। তবে ইদানীং একদম ভালো সময় যাচ্ছে না তাঁর। রণবীর কাপুর অনেক দিন যাবৎ তেমন ব্যবসাসফল কোনো ছবির মুখ দেখেননি। ফুরফুরে মেজাজের রণবীরকে তাই আজকাল বেশির ভাগ সময় নিস্পৃহ দেখায়। তবে আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রস্তুতির জন্য খুব উঠেপড়ে লেগেছিলেন। কিন্তু বিধি বাম! এর মধ্যে আবার টাইফয়েডে আক্রান্ত হয়েছেন তিনি।

অভিনেত্রী শাবানা আজমির পূর্বপুরুষের গ্রাম ভারতের মিজওয়ানে আজ সোমবার একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা ছিল রণবীরের। র‍্যাম্পে শো স্টপার হিসেবে সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের হাত ধরে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে এসে রণবীর অনুষ্ঠান কর্তৃপক্ষকে নিষেধ করে দিয়েছেন। কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর অসুস্থতার কথা। নিন্দুকেরা তখন এটিকে তাঁর অজুহাত মনে করছিলেন। আসলে তা নয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, রণবীর কাপুরের টাইফয়েড হয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করছিলেন এই নায়ক। সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে ওজন কমাতে হবে। কিন্তু শরীরচর্চা করে মাংস পেশি সুন্দর আকৃতিতে আনার জন্যও মাথার ঘাম পায়ে ফেলেছিলেন রণবীর। এবার সব গেল ভেস্তে...এখন আর এসব চলবে না। টাইফয়েড রণবীরকে কাবু করে ফেলেছে। এখন ডায়েট ভুলে তাঁকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারই খেতে হবে। আর দুর্বল শরীরে তো শরীরচর্চাও করতে পারবেন না। গত মাসে এই ছবির নায়িকা আলিয়া ভাটের চোটের কারণে ছবির শুটিং কিছুদিন স্থগিত রাখা হয়। এখন আবার হলো রণবীরের ব্যামো। নবাগত পরিচালক অয়ন মুখার্জির ছবিটি পাত্র-পাত্রীরা পদে পদে বিপদে পড়ছেন। তবে সবার থেকে রণবীরের বিপদ যেন একটু বেশি। কোনো কিছুতেই সফল হতে পারছেন না। না পেশাজীবনে বা প্রেমের জীবনে। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে একাই আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছেন, ভীষণ খরায় দিন যাচ্ছে তাঁর। এটি মোটেও তাঁর জীবনের ভালো অধ্যায় নয়।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির গল্প হিন্দু পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত। এখানে নায়িকার চরিত্রে থাকছেন আলিয়া ভাট ও মৌনি রায়। আরও থাকবেন অমিতাভ বচ্চন। পরিচালক অয়ন মুখার্জি জানান, ভবিষ্যতে এই সিরিজের আরও দুটি ছবি তৈরি হবে। করণ জোহর প্রযোজিত এই ত্রয়ীর প্রথম কিস্তি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী বছর ১৫ আগস্ট। ডেকান ক্রনিকল।