রণবীরের প্রত্যাশা পূরণ!

দীপিকা পাডুকোণ কোনো ছবিতে থাকার অর্থই যেন নিশ্চিত সাফল্য, আর ঠিক এ জন্যই হয়তো ‘তামাশা’ ছবির প্রচার চলাকালীন মজা করে দীপিকার ‘সৌভাগ্য’ চেয়ে বসেছিলেন সহশিল্পী রণবীর কাপুর। তবে মজা করে চাইলেও রণবীরের সে প্রত্যাশা বোধ হয় এবার পূরণ হতে চলেছে। ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই এই ছবিটি আয় করেছে ১০ কোটি রুপি।
বলিউডে রণবীরের ‘বেশরম’, ‘রয়’, ‘বোম্বে ভেলভেট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। ‘তামাশা’ ছবিটি নিয়ে এই তারকা বরাবরই ছিলেন আশাবাদী। ইমতিয়াজ আলী পরিচালিত ‘তামাশা’ ছবির ট্রেলার, গান সবকিছুই মুগ্ধ করেছে দর্শকদের।
একটি সূত্র জানিয়েছে, রণবীর তাঁর পর্দা উপস্থিতি আর অভিনয় দিয়ে এবার দর্শক মাত করতে সক্ষম হয়েছেন বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। ‘তামাশা’ ছবিতে দীপিকা পাডুকোণের চরিত্রটির নাম ‘তারা’ এবং রণবীরের চরিত্রের নাম ‘বেদ’। প্যারিসের কর্সিকা দ্বীপে ছুটি কাটাতে গিয়ে তাঁদের পরিচয়, পরিণয়; এভাবেই ছবির গল্প এগোতে থাকে।
এর আগেও বলিউডের এই জুটি ‘বাচনা এই হাসিনো’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। দুটি ছবিই ব্যবসাসফল হয়েছিল। এবার ‘তামাশা’ ছবির মাধ্যমে এই জুটির সাফল্যের ‘হ্যাটট্রিক’ হয় কিনা তাই দেখার পালা। এনডিটিভি।