রণবীরের বদলে শাহরুখ!

সঞ্জয়লীলা বানসালির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’তে কারা অভিনয় করবেন—তা নিয়ে গুঞ্জন থামছেই না। এত দিন পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাড়ুকোনের স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েই ছিল সব জল্পনা–কল্পনা। এখন শোনা যাচ্ছে, সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং অভিনয় করছেন না। এ চরিত্রে এখন শোনা যাচ্ছে শাহরুখ খানের নাম!
নারীকেন্দ্রিক এই ছবিতে পদ্মাবতীর চরিত্রে দীপিকার গুরুত্ব সবচেয়ে বেশি। তার বিপরীতে থাকবেন দুই নায়ক। রাওয়াল রতন সিংয়ের চরিত্রে ভিকি কৌশল, শহীদ কাপুর, ফাওয়াদ খানদের নাম শোনা গিয়েছিল। আর শুরু থেকেই শোনা যাচ্ছিল, রণবীর সিং আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন। সেই রণবীর সিংই নাকি এখন আর থাকছেন না ছবিতে। তাঁর নাকি দুই নায়কের সিনেমায় এখন আর অভিনয় করতে মন চাইছে না।
সূত্র জানায়, রণবীরের জায়গায় নির্মাতার প্রথম পছন্দ শাহরুখ খান। তিনি নাকি এই ছবির চিত্রনাট্য পছন্দ করেছেন। এমনকি এর জন্য স্ক্রিন টেস্ট দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
এমন যদি হয়, তাহলে চতুর্থবারের মতো জুটিবদ্ধ হবেন শাহরুখ-দীপিকা। আর ‘দেবদাস’-এর পর আবার শাহরুখ ও বানসালি সুযোগ পাচ্ছেন একসঙ্গে কাজ করার।
তবে এই ছবির অভিনয়শিল্পী নিয়ে এতবার এত কথা শোনা গেছে যে শেষ পর্যন্ত কী হয় দেখতে হয়তো ছবিমুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলিউড হাঙ্গামা।