রণবীরের বাবা আমির!

এ খবর নিশ্চয় অনেকেই জানেন, বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনকাহিনি নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক রাজকুমার হিরানি। যেখানে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে এই ছবিসংক্রান্ত যে তথ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা হলো ছবিতে সুনীল দত্তের ভূমিকায় কে অভিনয় করবেন।
বলিউডে কানাঘুষা চলছে, সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের জন্য মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাছে গেছেন রাজকুমার হিরানি। তিনি যদি আমির খানকে রাজি করাতে পারেন, তাহলে ভারতীয় ছবির ইতিহাসে তৈরি হবে এক নতুন মাইলফলক।
আমির খান যে সঞ্জয় দত্তের খুবই কাছের বন্ধু, এ তো সবারই জানা। তবে একটা খটকা থেকেই যাচ্ছে। সুনীল দত্তের শরীর, উচ্চতা, চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে বিন্দুমাত্র মিল নেই আমির খানের। সে ক্ষেত্রে সুনীল দত্তের চরিত্রে তাঁকে দর্শক কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সূত্র : বলিউড লাইফ