রণবীরের বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ।
রণবীর কাপুর ।

দিনকাল খুব খারাপ যাচ্ছে তাঁর। রণবীর অভিনীত সাম্প্রতিক ছবি মুক্তির পর সে ছবি ‘ফ্লপ’ হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে! বিষয়টি ভাবাও যায় না। আর তিনিও শুরুর দিকে বিষয়টিকে পাত্তা না দিলেও ‘বোম্বে ভেলভেট’ ছবির ভরাডুবির পর বিষণ্ন ও হতাশ রণবীর সম্প্রতি স্বীকার করেছেন, ছবি ফ্লপ হওয়া বা না চলার বিষয়টাকে তিনি প্রথমে বেশ হালকাভাবেই নিয়েছিলেন। বোধোদয় হয়েছে তাঁর।

রণবীর জানিয়েছেন, ছবি ফ্লপের পর থেকে এখন পর্যন্ত বলিউডের অনেকেই ফোন করে, খুদে বার্তা পাঠিয়ে, নানাভাবে তাঁকে জানিয়েছেন, এই দুঃসময়ে তাঁর পাশেই আছেন তাঁরা। এরপর কোনো এক সময়ে রণবীর নিজেই বুঝতে পেরেছেন, ছবি ফ্লপের কারণে ক্যারিয়ার নিয়ে তিনি বেশ ভালো রকমের বিপদেই পড়েছেন।

ছবি ফ্লপ বা ছবির বক্স অফিস ব্যর্থতার বিষয়টিকে যে তিনি শুরুতে হালকাভাবেই নিয়েছিলেন প্রেমিকা ক্যাটরিনা কাইফকেও তা জানিয়েছেন রণবীর। যা হোক, আপাতত বোধোদয় হয়েছে রণবীর কাপুরের। বিষয়টা জেনে তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা খানিক স্বস্তি পেতে পারেন।

সোনার চামচ মুখে নিয়েই যেন জন্মেছিলেন রণবীর কাপুর। রাজ কাপুরের নাতি, ঋষি কাপুর-নীতু সিং কাপুরের ছেলে রণবীর খুব অল্প সময়েই বলিউডের খানদের আধিপত্য খর্ব করে শ্রেষ্ঠত্বের মুকুটটি কেড়ে নিয়েছিলেন।


বলিউডে পা রাখার পরপরই অভিনয়ের স্বীকৃতিতে প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নবাগত তারকার পুরস্কার পেয়েছিলেন রণবীর। এর পর ‘আজব প্রেম কি গজব কাহানি’র জন্য ‘ফিল্মফেয়ার’ ক্রিটিকস অ্যাওয়ার্ড বা সমালোচক পুরস্কার পেয়ে আরও এগিয়ে গেছেন তিনি। প্রশংসা, স্তুতি আর বিশেষণে যেন রীতিমতো ঢেকেই গিয়েছিলেন রণবীর। এ যেন অনেকটা— ‘এলাম, দেখলাম আর জয় করলাম’।

রণবীরের নামের আগে ‘সময়ের সুপারস্টার’, ‘প্রজন্মের একমাত্র সুপারস্টার’, ‘শাহরুখের পর একমাত্র রোমান্টিক নায়ক’ ইত্যাদি বিশেষণ জুড়ে যেসব পত্র-পত্রিকা খবর ছেপেছিল, আজ তারাই সমালোচনা আর নিন্দার নানা বিশেষণ বসাচ্ছে তাঁর নামের আগে।

যা হোক, আপাতত খ্যাতির সেই মায়া অঞ্জন থেকে দৃষ্টিকে মুক্ত করে সামনে তাকাবেন রণবীর এটাই সবাই চাইছেন। বলিউডে তাঁর সমসাময়িক অভিনেতাদের মধ্যে তাঁকেই মনে করা হয় সবচেয়ে প্রতিভাবান অভিনেতা। স্বজন, ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা চাইছেন আবারও এর প্রমাণ রাখবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।