রণবীরের বড় সমালোচক কে
বলিউডের সবচেয়ে জনপ্রিয় আর স্টাইলিশ দম্পতির একটি দীপিকা পাড়ুকোন–রণবীর সিং জুটি। আদর করে ভক্তরা তাঁদের নাম রেখেছেন ‘দীপবীর’। চার দেওয়ালের ভেতরের অনেক দুষ্টু–মিষ্টি কথা অনেক সময়ই তাঁরা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘দ্য বিগ পিকচার’–এ রণবীরকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। আর এই দায়িত্ব পালন করতে রণবীরকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জুগিয়েছেন তাঁর সহধর্মিণী দীপিকা, এক সংবাদ সম্মেলনে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।
রণবীরকে এই রিয়েলিটি শো সঞ্চালনা করার জন্য রীতিমতো প্রস্তুতি নিতে হয়েছে। নিজের প্রস্তুতি পর্ব সম্পর্কে এই বলিউড সুপারস্টার বলেছেন, ‘সঞ্চালনার কাজে ভালো করার জন্য দীপিকা আমাকে প্রচুর টিপস দিয়েছে। ও সব সময় আমার সবচেয়ে বড় ভরসা। আর আমার কাজের বড় সমালোচক। দীপিকা সব সময় গঠনমূলক সমালোচনা করে। আমি সত্যি কৃতজ্ঞ যে ওর মতো তীক্ষ্ণবুদ্ধি জীবনসঙ্গিনী পেয়েছি। ওর ভালোবাসা আর সমর্থন সব সময় আমার সঙ্গে আছে। আর তাই আমি নিশ্চয়ই আমার সেরাটা দিতে পারব।’
কালার্স চ্যানেলে ১৬ অক্টোবর থেকে রাত ৮টায় দেখা যাবে ‘দ্য বিগ পিকচার’।
‘এইটিথ্রি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে আসছেন রণবীর আর দীপিকা। কবির খান পরিচালিত এই ছবির মাধ্যমে বিয়ের পর প্রথমবার তাঁদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক কপিল দেবের ভূমিকায় আছেন রণবীর। আর দীপিকাকে দেখা যাবে কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে।