রণবীরের হাতে ছিল কুমিরের চামড়ার বেল্টের ২৪ লাখ টাকা দামের ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে কোনো রূপকথার গল্প থেকে কম নয়। বিয়ের দিন তাঁরা হয়ে উঠেছিলেন যেন রূপকথার জুটি। তাঁদের বিয়েতে আড়ম্বর বা চাকচিক্য ছিল না। রণবীর পরিবারের প্রায় সব প্রথা মেনে আলিয়াকে কাপুর পরিবারের বউ করে নিয়ে আসেন। তবে এখন চর্চায় উঠে এসেছে বিয়ের দিন রণবীরের হাতের এক বিশেষ ঘড়ি।

রণবীর চাননি তাঁদের বিয়েকে ঘিরে বেশি হইচই বা আড়ম্বর হোক। নিতান্তই ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছিলেন এই বলিউড তারকা। মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ আবাসনের বিল্ডিংয়ে আলিয়ার ফ্ল্যাটের বারান্দায় তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই একই বিল্ডিংয়ের সপ্তম তলায় থাকেন রণবীর। বিয়ের আয়োজন ভাট পরিবার করেছিল। তবে কাপুর পরিবারের প্রথা এ ক্ষেত্রে বজায় রাখা হয়েছিল বলে খবর। কাপুর পরিবার নাকি চায়নি ভাট পরিবার বিয়ের রীতি, রেওয়াজের বিষয়ে হস্তক্ষেপ করুক। আর ভাট পরিবার তা মেনে নিয়েছিল।

রণবীরের এক বিশেষ দল বিয়ের খুঁটিনাটির প্রতি নজর রেখেছিল। বিয়ের দিন রণবীরের পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজের শেরওয়ানি আর পাঞ্জাবি। মাথায় বেঁধেছিলেন পাগড়ি। এদিন তাঁর হাতে এক ঘড়ি দেখা গিয়েছিল। এই ঘড়িটি সবার নজর কেড়েছিল। জানা যায়, ঘড়িটি প্রয়াত বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের।

বিশেষ ঘড়িটির ব্যান্ড নীল কুমিরের চামড়া দিয়ে নির্মিত। আর ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে ঘড়িটি বানানো হয়েছে। জানা যায়, ঘড়িটির দাম ২১ লাখ রুপি। ঋষি কাপুর এক আবেগঘন মুহূর্তে রণবীরকে এই বিশেষ ঘড়িটি দিয়েছিলেন। আর তাই রণবীর বিয়ের দিন বাবার দেওয়া বহুমূল্য ঘড়িটি পরে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আলিয়ার বিয়ের সাজ পোশাকে অনেক কিছু বিশেষ ছিল। এই বলিউড নায়িকার পোশাক তাঁর আর রণবীরের সম্পর্কের কিছু কথা তুলে ধরেছে। তাঁর মঙ্গলসূত্রে ছিল রণবীরের লাকি সংখ্যা ‘৮’। আর তাঁর মাথার ভেলে লেখা ছিল বিয়ের দিন। আলিয়া বিয়ের দিন পরেছিলেন রণবীরের সঙ্গে ম্যাচিং করা পোশাক। এদিন তাঁর পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজ করা শাড়ি ও ব্লাউজ। আর আলিয়া এক পিঠ খোলা চুলের ওপর একই রঙের ভেল পরেছিলেন। তাঁর বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন খ্যাতনামা বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

বিয়ের পর আলিয়া আর রণবীর এখন মিস্টার এবং মিসেস কাপুর। কিন্তু আলিয়ার ভারতীয় নাগরিকত্ব নেই, তা অনেকেরই হয়তো জানা। এই বলিউড অভিনেত্রীর জন্ম লন্ডনে হয়েছিল। আর তার পর থেকে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে। শাশুড়ি মা নীতু কাপুরের মতো আলিয়া তাঁর নামের সঙ্গে পদবি হিসেবে ‘কাপুর’ জুড়বেন কি না, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এক দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী আলিয়া বিয়ের পরও ব্রিটিশ নাগরিক থাকবেন।