রণবীরের 'বিশেষ' পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
• ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিংয়ের অভিনয় দেখে অমিতাভ বচ্চন মুগ্ধ।
• রণবীরের বাসায় তিনি ফুলের তোড়া পাঠিয়েছেন।
• মালেশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে ‘পদ্মাবত’
অমিতাভ বচ্চন ও রণবীর সিং
অমিতাভ বচ্চন ও রণবীর সিং

রণবীর সিং অভিনীত ‘পদ্মাবত’ মুক্তির এক সপ্তাহ পার হয়নি। এর মধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তিনি। ভড়কে গেলেন? হয়তো ভাবছেন, বছর শেষ না হতেই কী করে পুরস্কার পেয়েছেন এই নায়ক? দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। মুগ্ধতার প্রকাশ ঘটাতে রণবীরের বাসায় একটি ফুলের ঝুড়ি পাঠিয়েছেন ‘বিগ বি’। এরপর রণবীরকে আর পায় কে? পছন্দের তারকার কাছ থেকে প্রশংসা পেয়ে রণবীর আনন্দের বন্যায় ভাসছেন।

জানা গেছে, গতকাল সোমবার রাতে অমিতাভের এই উপহার হাতে পেয়েছেন রণবীর। পেয়েই আহ্লাদে আটখানা। টুইটারে ফুলের তোড়ার একটি ছবি প্রকাশ করে এই নায়ক লিখেছেন, ‘আমি আমার পুরস্কার পেয়ে গেছি।’

অমিতাভের মতো একজন অভিনেতা যখন এভাবে কারও প্রশংসা করেন, তখন তাঁর অন্য পুরস্কারের আর কী দরকার? এদিকে কয়েক দিন আগেই ‘পদ্মাবত’ ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের প্রশংসা করে তাঁর বাসায় ফুল পাঠিয়েছেন ঋষি কাপুর ও নিতু সিং। আর অমিতাভ এর আগে ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ ছবির জন্য কঙ্গনা রনৌতকে, ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র জন্য সুশান্ত সিং রাজপুতকে এবং দীপিকাকে ‘গলিয়োঁ কা রাসলীলা রাম-লীলা’র জন্য এভাবেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

রণবীর সিংকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। ছবি: টুইটার
রণবীর সিংকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। ছবি: টুইটার

অনেক ‘যুদ্ধ’ জয় করে মুক্তি দেওয়ার পর এবার ‘পদ্মাবত’ নতুন বিতর্কে জড়িয়েছে। ভারতে রাজপুতেরা সঞ্জয় লীলা বানসালীর ওপর চড়াও হয় ইতিহাস বিকৃতির অভিযোগ করে। মেওয়ারের রানি পদ্মিনীকে ‘খাটো’ করে দেখানোর অভিযোগ তুলে তারা ক্ষোভে ফেটে পড়ে। আর মালয়েশিয়ায় ‘পদ্মাবত’ নিষিদ্ধ হয়েছে মুসলিমদের অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কায়। মালয়েশিয়ার চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রধান মোহাম্মদ জাম্বেরি আবদুল আজিজ বলেছেন, ‘মুসলিম শাসক আলাউদ্দিন খিলজিকে এই ছবিতে পৈশাচিকভাবে উপস্থাপন করা হয়েছে। এই ছবির গল্প ইসলাম ধর্মের মানুষদের অনুভূতিতে আঘাত দিতে পারে। যেহেতু মালয়েশিয়া মুসলিমপ্রধান রাষ্ট্র, তাই বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

মালয়েশিয়ায় নিষিদ্ধ হলেও বিশ্বজুড়ে চুটিয়ে ব্যবসা করছে ‘পদ্মাবত’। উত্তর আমেরিকা আর কানাডার ৩২৬টি হলে এখন ছবিটি চলছে। সেখানে প্রথম তিন দিনে এই ছবি আয় করেছে ৪৯ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে আমির খানের ২০১৪ সালের ব্লকবাস্টার ছবি ‘পিকে’র রেকর্ড ভেঙেছে ‘পদ্মাবত’। ওই ছবির তিন দিনের আয় ছিল ৩৬ লাখ মার্কিন ডলার। এনডি টিভি, হিন্দুস্তান টাইমস