রণবীরের 'মেলায় হারিয়ে যাওয়া ভাই'!


বলিউড অভিনেতা রণবীর সিংয়ের কোনো ভাই আছে বলে তো জানা ছিল না। সবাই জানেন তাঁর একজন মাত্র বড় বোন, রিতিকা ভবানী। কিন্তু ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিকল রণবীরের মতো দেখতে এক তরুণের ছবি ছড়িয়ে পড়েছে। দুজনের চেহারায় এত মিল যে তাঁকে দেখলেই মনে হবে, ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া রণবীরের ছোট ভাই। হাম্মাদ শোয়েব নামের এই তরুণ থাকেন পাকিস্তানে।
২০ বছর বয়সী হাম্মাদ একজন পাকিস্তানি ব্যবসায়ী। অনেকেই নাকি তাঁকে দেখে রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করেন। তবে তিনি নিজের চেহারার সঙ্গে ‘বাজিরাও-মাস্তানি’ তারকার রণবীরের খুব একটা মিল খুঁজে পান না। তারপরও বিষয়টা বেশ উপভোগ করছেন হাম্মাদ। শুধু কি তাই, হাম্মাদ নাকি রণবীরের অভিনয় আর ব্যক্তিত্বেও মুগ্ধ।
তবে, হাম্মাদ সাফ জানিয়ে দিয়েছেন, চেহারার মিল আছে বলে তিনি কখনোই বলিউডের এই তারকাকে অনুকরণ করেন না। অবশ্য বিনোদন জগৎ তাঁকে বরাবরই আকর্ষণ করে। এরই মধ্যে নাকি পাকিস্তানের বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন হাম্মাদ শোয়েব। গল্প আর চরিত্র পছন্দ হলে অচিরেই ছোট পর্দায় নাম লেখাবেন রণবীর সিংয়ের এই ‘পাকিস্তানি ভাই’। এনডিটিভি।