রবিপ্রেমে প্রিয়াঙ্কা!

রবীন্দ্রজয়ন্তীর পড়ন্ত বিকেলে বাঙালিকে এক সেরা উপহার দিলেন অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমকাহিনি নিয়ে ছবি বানানোর ঘোষণা দিয়েছেন তিনি। কবির সৃষ্টি কোনো প্রেমকথা নিয়ে নয়; বরং কবির নিজের জীবনের অসম্পূর্ণ ভালোবাসার গল্প নিয়েই প্রিয়াঙ্কা নির্মাণ করতে যাচ্ছেন বাংলা এবং মারাঠি ভাষার ছবি নলিনী। হিন্দিতেও ডাবিং করা হবে ছবিটি।

ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠির পর এই বলিউড তারকার প্রযোজনা সংস্থা ‘পারপেল পেবল পিকচার্স’ এবার নির্মাণ করতে যাচ্ছে বাংলা ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের অসমবয়সী, ব্যতিক্রমী ভালোবাসাই হবে সেই ছবির উপজীব্য। পরিচালনা করবেন গণ্ডি ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কবির অসম্পূর্ণ প্রথম প্রেমের কাহিনিটি বুনেছেন পরিচালকের স্ত্রী সাগরিকা। তিনি বলেন, ‘২০১১ সাল থেকে গল্পটি লেখার কাজ শুরু করি। এর পেছনে আছে প্রচুর গবেষণা। কারণ, আমি বাঙালির অত্যন্ত প্রাণের মানুষটির গোপন প্রেমকে তুলে ধরতে যাচ্ছি।’ এস্কেপ ফ্রম তালেবান-খ্যাত পরিচালক উজ্জ্বল বলেন, ‘রবীন্দ্রনাথ শুধু বাংলার বা বাঙালির নন, সমগ্র বিশ্ববাসীর। বাংলা ও মারাঠি দুটি ভাষায় ছবিটি করা হবে। আর হিন্দিতেও ডাবিং হবে। আশা করি, রবিঠাকুরের প্রেমের গল্প সবার মন ছুঁয়ে যাবে।’
১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাত্র ১৭ বছরের তরুণ, তখনকার ঘটনা এটি। সে সময় মুম্বাইতে ড. আত্মারাম পাণ্ডরাংয়ের কাছে থাকতেন কবিগুরু। তাঁর বিলেতফেরত কুড়ি বছরের মেয়ে অন্নপূর্ণার কাছে ইংরেজি শিখতে শুরু করেন কবি। তাঁর প্রেমে পড়ে যান রবিঠাকুর। ক্রমেই একে অপরের কাছাকাছি হতে থাকেন তাঁরা। শিক্ষিকা ও শিক্ষার্থীর মধ্যে জন্ম নেয় এক অভূতপূর্ব প্রেম। রবিঠাকুর অন্নপূর্ণার নাম দেন ‘নলিনী’।
এই প্রেম পরিপূর্ণতা পাক, তা চাননি কবির বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ফলে রবি-নলিনীর ভালোবাসা থমকে যায়। এক স্কটিশ যুবককে বিয়ে করে ইংল্যান্ডে পাড়ি জমান অন্নপূর্ণা। জীবনের সঙ্গে বাঁধতে না পারলেও নলিনীকে কবিতায় বেঁধে ফেলেন রবীন্দ্রনাথ।
পরিচালকের আশা, অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং। অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা অভিনয় করবেন, এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’