রাখি বললেন, 'আমি বিয়ে করেছি'

বলিউডের বিতর্কের রানি রাখি সাওয়ান্ত গত বছর ২৮ নভেম্বর নিজের বিয়ের একটি আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেই আমন্ত্রণপত্রে লেখা ছিল, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দীপক কালাল বিয়ে করতে যাচ্ছেন রাখি সাওয়ান্তকে। কিছুক্ষণ পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়েসংক্রান্ত পোস্ট দেন দীপক। তখন ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাখি বলেন, ‘ঘটনা সত্য। আমরা বিয়ে করতে যাচ্ছি। ইন্ডাস্ট্রির সবাই দেখছি বিয়ে করে ফেলছে। আমারও মনে হলো বিয়েটা করে ফেলা দরকার। দীপক যেহেতু “ইন্ডিয়াস গট ট্যালেন্ট” অনুষ্ঠানে আমাকে প্রস্তাব দিয়েই ফেলেছে, ভাবলাম তাকেই বিয়ে করে ফেলি। বিয়ের তারিখ পাকা। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি।’
এর আগে আরও কয়েকবার বিয়ের ঘোষণা দেন রাখি সাওয়ান্ত। কিন্তু এরপর আরেকটি শব্দ শোনা গেছে, ‘থুক্কু’। এবার হোটেলের কক্ষে বিয়ের পোশাক, মাথায় সিঁদুর আর হাতে মদের গ্লাস নিয়ে রাখির একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। রাখি জানান, ছবিটি তিনিই পোস্ট করেছেন। বললেন, ‘আমি বিয়ে করেছি।’
ওয়েবসাইটে রাখি সাওয়ান্ত আরও জানান, গত ২৮ জুলাই মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে তিনি যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী রীতেশকে বিয়ে করেছেন। ভাইরাল হওয়া ছবিটির ব্যাপারে রাখি দাবি করেছেন, এটা তাঁদের মধুচন্দ্রিমার ছবি।
রীতেশের সঙ্গে কীভাবে পরিচয়? রাখি সাওয়ান্ত বললেন, ‘প্রতিদিন ভক্তদের কাছ থেকে প্রচুর মেসেজ পাই। সব সময় তা পড়া হয় না। একদিন মনটা ভালো ছিল না। তখন একটা মেসেজ আমাকে অবাক করে। একজন লিখেছেন, “আপনার মন খারাপ?” আমি লিখলাম, কীভাবে বুঝলেন? তিনি লিখলেন, “আমি আপনার ভক্ত। অনেক দিন থেকে আপনাকে ফলো করছি। তাই অনেক কিছু বুঝতে পারি।” সত্যি বলতে, আমি সেদিন ওর প্রেমে পড়ে যাই। মনে মনে স্থির করি, ওকেই বিয়ে করব।’
বিয়ে হয়েছে ২৮ জুলাই, এত দিন পর তা কেন জানালেন? রাখি সাওয়ান্ত বললেন, ‘আমার মনে ভয় কাজ করছিল, যদি আর যদি কাজ না পাই। ইন্ডাস্ট্রিতে বিয়ের পর সব মেয়ে কিন্তু কাজ পায় না। এখন আর এসব নিয়ে ভাবছি না। আমি খুব সুখী।’ তিনি দীপিকা পাড়ুকোন আর প্রিয়াঙ্কা চোপড়াকে উদাহরণ হিসেবে না দেখার জন্য অনুরোধ করে বলেন, ‘তাঁদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমি তো আইটেম ড্যান্সার।’
স্বামীর নাম জানা হলো, তাঁর ছবি কোথায়? রাখি সাওয়ান্ত বলেন, ‘রীতেশ এখনই মিডিয়ার সামনে আসতে চান না। ২০২০ সালে আমি মা হতে চাই। রীতেশ কথা দিয়েছেন, তখন সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে ফোটোশুট করব।’