রাখিতে বোনকে অবাক উপহার অভিষেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটবেলার ছবিতে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও তাঁর বোন শ্বেতা বচ্চন নন্দা। ছবি: ইনস্টাগ্রাম
ছোটবেলার ছবিতে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও তাঁর বোন শ্বেতা বচ্চন নন্দা। ছবি: ইনস্টাগ্রাম

মিষ্টি এক উৎসব রাখিবন্ধন। এ উৎসবে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। ভাইয়েরাও নানা রকম উপহার তুলে দেয় বোনদের হাতে। আজকের রাখি উৎসবে বলিউড তারকা অভিষেক বোন শ্বেতাকে যে উপহার তুলে দিলেন, তাতে ছিল ভালোবাসা আর চমক দুটিই।
নাহ্, খুব দামি উপহার অভিষেক বোনকে দেননি। হাতে হাতেও দেননি সেই উপহার। অভিষেকের উপহারটি ছিল ভার্চ্যুয়াল। ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন বোনের সঙ্গে তাঁর ছোটবেলার দারুণ একটি ছবি। সেখানে বড় বোন শ্বেতার সঙ্গে ন্যাড়া মাথায় দেখা যাচ্ছে ছোট্ট অভিষেককে। এই ছবিটিই রাখি উৎসবে বোনকে অভিষেকের শুভেচ্ছা-উপহার।
ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন-তনয় লিখেছেন, ‘আমি নিশ্চিত সে (শ্বেতা) এখনো আমাকে এতটুকুই মনে করে। আমি এ ব্যাপারেও নিশ্চিত যে সে সারা জীবন এভাবেই আমার পাশে থাকবে। যেমনটা থাকব আমিও। শুভ রাখি, শ্বেতাদি। তোমাকে খুব ভালোবাসি।’
শুভেচ্ছা জানিয়েছেন তাঁর চাচা অজিতাভ বচ্চনের তিন মেয়ে নয়না, নম্রতা ও নীলিমাকেও। কিন্তু জানিয়েছেন, ভয়ে তাঁদের ছোটবেলার ছবি প্রকাশ করেননি। তাহলে নাকি তাঁর এই তিন বোন তাঁকে আস্ত রাখবেন না। অভিষেকের শঙ্কা, ইনস্টাগ্রামে ছবি প্রকাশের জন্য শ্বেতার বকা খেতে হয় কি না! তবে, বোন যতই রাগী হোক না কেন, ছোটবেলার এই ছবি দেখে তাঁর মন গলতে বাধ্য। শ্বেতা আদরের ভাইয়ের কাণ্ডে খুশিই হবেন। সূত্র: আইএএনএস