রাজ কাপুরের আদিনিবাস ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ কাপুর
রাজ কাপুর

পাকিস্তানের পেশওয়ারে যে বাড়িতে বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর জন্মেছিলেন, সেটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার ৯৮ বছর বয়সী চারতলা ‘কাপুর হাভেলি’ ভবনের ওপরের ছাদ ধসে পড়ে।

গতকাল রোববার পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর বেরিয়েছে। অভিযোগ উঠেছে, বাড়ির বর্তমান মালিক ঐতিহাসিক এ ভবনটিকে ধ্বংস করতে চেষ্টা করছিলেন। তবে তিনি দাবি করেছেন, বাড়ির অবস্থা এতই খারাপ ছিল যে, পৌর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে তাঁকে সেটি ধ্বংস করতে বলে। এরপর বাড়ি ধ্বংসের জন্য তিনি শ্রমিক নিয়োগ করেন।

ঘটনাস্থল থেকে চার শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়।

পেশওয়ার শহরের ঢাকি মুনাওয়ার শাহ এলাকায় কাপুর খানদানের আদিনিবাস। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, শনিবার সকালে তাঁরা ঐতিহাসিক ভবনটি ধ্বংসের ব্যাপারে জানতে পারেন। একেবারে শেষ মুহূর্তে বাড়িটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে চেয়েও তাঁরা ব্যর্থ হন।

ধ্বংসের শিকার হওয়ার আগে কাপুর হাভেলি ছিল এ রকম।
ধ্বংসের শিকার হওয়ার আগে কাপুর হাভেলি ছিল এ রকম।



খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক সরকার আগেই বলিউড কিংবদন্তি রাজ কাপুর ও দিলীপ কুমারের আদিনিবাসকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

রাজ কাপুরের বাড়ির বর্তমান অবস্থা স্থিতিশীল। তবে ছাদ ধসে পড়ার সময় ভবনের বাকি অংশও ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কড়া নজরদারি রয়েছে সেখানে।

এদিকে এ বিষয়ে খরবটি জানার পর রাজ কাপুরের বড় ছেলে রনধীর কাপুর বলেছেন, ‘পেশওয়ারের ওই বাড়িটির সঙ্গে আমাদের কোনো হার্দিক সম্পর্ক নেই। এমনকি আমি জানিও না, ওই বাড়িটি কাপুর পরিবারের নিজস্ব সম্পত্তি না কি ভাড়া বাড়ি ছিল।’ ডন ও টাইমস অব ইন্ডিয়া