রাজ কাপুরের ছবির বড় সমালোচক কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদি কৃষ্ণা কাপুরের সঙ্গে রণবীর কাপুর
দাদি কৃষ্ণা কাপুরের সঙ্গে রণবীর কাপুর

আজ সোমবার ভোরে চলে গেলেন ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুর। কাপুর পরিবারসহ বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে দাদি কৃষ্ণা কাপুরের ছিল চমৎকার সম্পর্ক। দাদির সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন রণবীর। নিজের বাসা মেরামতের সময় টানা এক বছর দাদির বাসায়ই থাকতেন এই বলিউড তারকা। ওই সময় ‘সঞ্জু’ ছবির শুটিং করছিলেন রণবীর।

সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে দাদিকে নিয়ে বলেছেন রণবীর কাপুর। ‘সঞ্জু’কে নিয়ে দাদির কি প্রতিক্রিয়া ছিল? এই বলিউড তারকা বললেন, ‘দাদি তাঁর নাতি-নাতনিদের সব ছবি দেখেন। আমারও সব ছবি তিনি দেখেছেন। আর দাদি সিনেমা হলে গিয়ে আমাদের ছবি দেখেছেন। তবে “সঞ্জু” ছবি নিয়ে দাদির অনেক প্রশ্ন ছিল। আসলে তিনি বায়োপিক ঘরানা ঠিকমতো বুঝতে পারেননি। দাদির কাছে সিনেমা মানে একজন নায়ক আর একজন নায়িকা থাকবে। তারা গাছের তলায় রোমান্স করবে। তবে দাদির “সঞ্জু”–র ট্রেলার খুব পছন্দ হয়েছে।’

রণবীর কাপুর জানান, তাঁর দাদি বিস্কুট ও কুকিজ খেতে খুব পছন্দ করতেন। কৃষ্ণা কাপুর নিজের হাতে নাতিকে খাওয়াতে ভালোবাসতেন। রণবীর দাদির হাতের জঙ্গলী মাটনের বড় ভক্ত। এই সাক্ষাৎকারে দাদিকে ঘিরে নানা কথা বলেন রণবীর।

দাদি কৃষ্ণা কাপুরের সঙ্গে রণবীর কাপুর
দাদি কৃষ্ণা কাপুরের সঙ্গে রণবীর কাপুর

রণবীর কাপুর বলেন, ‘দাদির সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি। দেখেছি, ছবির সঙ্গে দাদির আত্মিক সম্পর্ক। দাদার (রাজ কাপুর) কাজের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে ছিলেন দাদি। তাই তিনি হিন্দি ছবির ওই সময়টা খুব কাছ দেখেছেন। দাদার ছবির সবচেয়ে বড় দর্শক আর সমালোচক ছিলেন দাদি। দাদা তাঁর ছবি দাদিকে দেখাতে অনেক রাতে আরকে স্টুডিওতে নিয়ে যেতেন। সেখানে তাঁরা একসঙ্গে বসে ছবি দেখতেন। এমনকি দাদা ছবি সম্পর্কে দাদির থেকে সব রকম পরামর্শ নিতেন।’

রণবীর কাপুর আরও বলেন, ‘দাদিকে “ববি” ছবির কিছু অংশ দেখিয়েছিলেন দাদা। তখন ছবির শুটিং চলছে। ছবির শেষ দৃশ্যে নায়ক-নায়িকা মারা যাবে। বিষয়টা দাদির একদম পছন্দ হয়নি। দাদি কখনোই চাননি ছবির শেষটা বিয়োগান্ত হোক। তিনি চেয়েছিলেন, নায়ক-নায়িকার মধ্যে যেন মিল হয়ে যায়। তাই দাদির কথায় দাদাজি “ববি”র ক্লাইমেক্স বদলে দেন। দাদি এভাবে সব সময় সততার সঙ্গে তাঁর প্রতিক্রিয়া দিতেন। আর দাদার কাছে দাদির মতামত খুব গুরুত্বপূর্ণ ছিল।’

পারিবারিক অ্যালবাম থেকে
পারিবারিক অ্যালবাম থেকে

ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর আর নেই। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার ভোর পাঁচটায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বড় ছেলে বলিউডের অভিনেতা রণধীর কাপুর গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইতে চেম্বুর শ্মশানে।

কৃষ্ণা মালহোত্রা ১৯৪৬ সালে বিয়ে করেন রাজ কাপুরকে। তাঁদের পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজিব কাপুর এবং দুই মেয়ে ঋতু ও রীমা। হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা প্রেমনাথ ও রাজেন্দ্রনাথ তাঁর ভাই।